২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে যৌথ অভিযানে আটক ৮৬

যশোরে যৌথ অভিযানে বিএনপি ও জামায়াতের ৮৬ নেতাকর্মীকে আটক করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2014, 05:03 PM

Updated : 01 Sep 2026, 05:59 PM

মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে এদের আটক করা হয়।

যশোরের সহকারী পুলিশ সুপার (সদর) রেশমা শারমীন জানান, যৌথবাহিনী জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ৮৫ জনকে আটক করেছে।

এর মধ্যে মণিরামপুর থেকে ৭০ জন, সদর উপজেলায় সাতজন, চৌগাছা উপজেলায় তিনজন ও অভয়নগর উপজেলা থেকে পাঁচজনকে আটক করা হয়েছে।

আটককৃতরা সবাই বিএনপি ও জামায়াত শিবিরের নেতাকর্মী। বিভিন্ন সময়ে নাশকতা, ভোটকেন্দ্রে সহিংসতা, ভোটদানে বাধা প্রদানসহ বিভিন্ন অভিযোগে তাদের আটক করা হয়েছে।

এছাড়া নির্বাচনের দিন ও তার আগের বিভিন্ন নাশকতার অভিযোগে মণিরামপুর উপজেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র শহীদ মোহাম্মদ ইকবালকে আটক করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১টার দিকে নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয় বলে এই পুলিশ কর্মকর্তা জানান।

মণিরামপুরে বুধবার হরতাল

শহীদ ইকবালকে আটকের প্রতিবাদে মণিরামপুরে বুধবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা ১৮ দলীয় জোট।

সহিংসতার কারণে ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ আসনের মণিরামপুরে ৬০টি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়।