২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রূপগঞ্জে প্রার্থীর গাড়িবহরে হামলার অভিযোগ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বতন্ত্র প্রার্থী শওকত আলীর নির্বচানী প্রচারণার গাড়িবহরে হামলা ও ভাংচুরের অভিযোগ উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2013, 07:38 PM

Updated : 01 Sep 2026, 05:57 PM

শুক্রবার বিকালে উপজেলার কাঞ্চন বাজারে এ হামলায় শওকতের অন্তত ১০ কর্মী আহত এবং তাদের পাঁচটি গাড়ি ভাংচুর করা হয় বলে দাবি করছেন তিনি।

আওয়ামী লীগের প্রার্থী গাজী গোলাম দস্তগীরের সমর্থকরা এ হামলা চালায় বলে অভিযোগ করা হয়।

শওকত আলী জানান, বিকাল পৌনে ৫টার দিকে নির্বাচনী প্রচারণাকালে বর্তমান সাংসদ গাজীর সমর্থক ৫০-৬০ জনের একটি দল হামলা চালায়। এতে অন্তত ১০ আহত হয়েছে।

হামলাকারীরা তার নিজের ব্যবহৃত একটি গাড়ি এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান হারেজের প্রাইভেটকারসহ ১০টি গাড়ি ভাংচুর করেছে।

শওকতের অভিযোগ, গাজীর নির্দেশে তার লোকজন তাকে নির্বাচন থেকে সরিয়ে দিতে এই হামলা চালিয়েছে।

এ ঘটনায় তিনি মামলা দায়ের করবেন বলে জানান।

রূপগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা জানান, আওয়ামী লীগের কোনো লোক কোনো হামলার সঙ্গে জড়িত নয়।

“আমি শুনেছি, শওকতের গাড়ির বহর যাওয়ার সময় পথচারী এক ছেলেকে অঘাত করলে এলাকার লোকজন উত্তেজিত হয়ে তাদের  গাড়িতে টিল মেরেছে,” বলেন তিনি।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, শওকত আলীর গাড়িবহর কাঞ্চন বাজার এলাকায় দুর্ঘটনায় পড়লে বাজারের লোকজন তাদের গাড়ি ভাংচুর করে।