২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে হাতবোমা উদ্ধার

ঢাকার কেরানীগঞ্জে একটি হাত বোমা উদ্ধার করেছে পুলিশ, ‘টাইম বোমা’ বলে বিভ্রান্ত করতে যার ওপর ঘড়ি লাগানো ছিল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2013, 10:57 PM

Updated : 01 Sep 2026, 05:57 PM

বৃহস্পতিবার দুপুরে চুনকুটিয়ার চৌধুরীপাড়ায় এলাকায় ওই বোমাটি উদ্ধার করে পুলিশ।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি জামাল উদ্দিন মীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার দুপুরে চৌধুরীপাড়া টিএনটি অফিসের সামনে একটি শুকনো ডোবায় হলুদ টেপে মোড়ানো একটি বোমা দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেন।

পরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী একটি দল ঘটনাস্থলে এসে বোমাটি অকেজো করে।

নিষ্ক্রিয় দলের কর্মকর্তার বরাত দিয়ে তিনি বলেন, “বোমাটি ‘টাইমবোমা’ সদৃশ হলেও এটি আসলে শক্তিশালী ককটেল ছিল।”

হলুদ টেপে মোড়ানো বোমাটি ওপরে একটি ঘড়ি ছিল বলে ওসি জানান।