পুলিশের ট্রাকে বোমা হামলা, আহত ৯
রাজশাহীতে বিএনপি নেতৃত্বাধীন জোটের বিক্ষোভ মিছিল থেকে পুলিশের ট্রাকে ছোড়া হাতবোমা বিস্ফোরণে অন্তত নয় কনস্টেবল আহত হয়েছেন।
বোয়ালিয়া থানার ওসি জিয়াউর রহমান জিয়া জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে শহরের রাজাহাতা লোকনাথ স্কুলের পাশের মোড়ে এ ঘটনা ঘটে।
“১৮ দলের সমর্থকরা বিক্ষোভ মিছিল শেষে ফেরার পথে পুলিশের টহল ট্রাকে বোমা মেরে পালিয়ে যায়। বোমাটি ট্রাকের ভিতরে বিকট শব্দে বিস্ফোরিত হলে আমাদের নয়জন আহত হন।”
আহতদের মধ্যে কনস্টেবল সিদ্ধার্থকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে।
এছাড়া কনস্টেবল আনন্দ, তহিদ, শাহরিয়ার, মজিদ, রায়হান, রাফি, সোহেল ও আসাদকে ভর্তি করা হয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। তাদের মধ্যে আনন্দ, তহিদের অবস্থা গুরুতর বলে জানান ওসি।
ঘটনার সময় একই ট্রাকে থাকা কনস্টেবল আলমগীর জানান, বোয়ালিয়া থানার সহকারী কমিশনার (এসি) সাইফুল ইসলামের নেতৃত্বে দুটি গাড়িতে টহল চলছিল। সামনের গাড়িতে সহাকারী কমিশনারসহ ১০ জন এবং অন্য ট্রাকে ১৪ জন ছিলেন।
“কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসাবে ১৮ দলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল শেষ করে ওই পথ দিয়েই ফিরছিল। ট্রাক দুটি হেতেমখাঁ মোড় হয়ে মালোপাড়ার দিকে যাওয়ার সময় রাজাহাতা লোকনাথ স্কুলের পাশের মোড়ে একটি শক্তিশালী হাতবোমা ছোড়ে মিছিলকারীরা।”
বোমাটি ট্রাকের ভেতরে কনস্টেবল সিদ্ধার্থের বুলেটরোধী জ্যাকেটের ওপর পড়ে বিকট শব্দে বিস্ফোরিত হয়। তবে ট্রাকের ভেতরের দিকে থাকায় অক্ষত থেকে যান আলমগীর।
ওসি জানান, মিছিল করার আগে ১৮ দলের নেতাকর্মীরা নগরীর ভুবনমোহন পার্কে সংক্ষিপ্ত সমাবেশ করে।
“ওই সমাবেশে মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মাইনুল ইসলাম পুলিশের ওপর হামলার হুমকি দেন।তিনি পুলিশের উদ্যেশ্যে বলেন, ২৯ ডিসেম্বর ঢাকামুখী ‘গণতন্ত্র অভিযাত্রায়’ বাধা দেয়া হলে পুলিশকে প্রতিহত করা হবে।১৮ দলের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হলে মোড়ে মোড়ে গণ বিস্ফোরণ ঘটবে।”
তার ওই বক্তব্যের আধা ঘন্টার মধ্যে পুলিশের গাড়িতে বোমা হামলা চালানো হয় বলে জানান ওসি।
এ ঘটনার পর ঘটনাস্থল থেকে চারজনকে আটক করে পুলিশ। এছাড়া মিছিল-সমাবেশে শুরুর আগে রাজশাহী কলেজের সামনে, রাজাহাতা মোড়, ঘোষপাড়া মোড় ও সোনাদিঘী মনিচত্বর থেকে ২৯ জনকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে ওসি জিয়া জানান।
