মিটফোর্ড হাসপাতালে অচলাবস্থা কাটেনি
শিক্ষানবিশ চিকিৎসক ও ছাত্রদের সঙ্গে কর্মচারীদের সংঘর্ষ ও ভাংচুরের পর ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও স্বাভাবিক হয়নি রাজধানীর মিটফোর্ড হাসপাতাল পরিস্থিতি।
বুধবার ৬০০ শয্যার এ হাসপাতালের জরুরি ও বহির্বিভাগে কোনো ধরনের চিকিৎসা সেবা দেয়া হয়নি। কোনো ধরনের অস্ত্রোপচারও হচ্ছে না। চিকিৎসার পাশাপাশি রোগীরা পাচ্ছে না কোন খাবার।
সোমবার গভীর রাতে শিক্ষানবিশ চিকিৎসকদের সঙ্গে রক্ত পরীক্ষাগারের এক কর্মচারীর বিবাদের সূত্র ধরে মঙ্গলবার সকালে কলেজের ছাত্র ও শিক্ষানবিশ চিকিৎসকদের সঙ্গে কর্মচারীদের সংঘর্ষ হয়। এ সময় ছাত্রদের হামলায় আহত হন বাবুর্চি ফজলুল হক টিকিটম্যান টিটো, আউয়াল, খোরশেদ ও বাদল।
এ ঘটনার পর মঙ্গলবার হাসপাতালে সব ধরনের সেবা বন্ধ ছিল। রোগীরা দুপুরের খাবার বিকালে পেলেও রাতে খাবার পাননি।
হাসপাতালের আগেরদিনের এ চিত্র বুধবারও দেখা গেছে। সকালে জরুরি বিভাগে কোন কর্মচারীকে দেখা না গেলেও তিনজন চিকিৎসককে পাওয়া যায়।
তাদের একজন সহদেব রাজবংশী বলেন, “মঙ্গলবার থেকে আমরা কোন রোগী দেথছি না।” কারণ হিসেবে তিনি বলেন, টিকেট কক্ষে কোন কর্মচারী নেই।
অন্যদিকে চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন বলেন, “মঙ্গলবার হাসপাতাল চত্বরে প্রচুর পুলিশ-র্যাব থাকার পরও কর্মচারীদের মারধর করা হয়েছে। ভাংচুর করা হয়েছে তাদের আবাসস্থল। আমরা কোন নিরাপত্তায় কাজে যোগ দেবো?”
এখনো রান্না বন্ধ
এদিকে সকাল ১০টায় হাসপাতালে রান্না ঘর ভেতর থেকে বন্ধ পাওয়া যায়। অনেক ডাকাডাকির পর খাদ্য ব্যবস্থাপক গোলাম মোস্তফা দরজা খুলে দেন।
তিনি বলেন, “গতকালের মতো আজও সকালে নাস্তা দিতে পারছি না। রান্না করা সম্ভব হবে কি না- এই মূহূর্তে বলতে পারছি না।”
২৬ জন বাবুর্চির কেউই ভয়ে হাসপাতালে আসছেন না বলে তিনি জানান।
“হাসপাতালে মঙ্গলবার ৬৮৪ আর বুধবার ৬৮১ জন রোগী ছিল। এসব রোগীকে মঙ্গলবার রাতে রান্না করা খাবারের পরিবর্তে কলা-রুটি দেয়া হয়েছে,” বলেন গোলাম মোস্তফা।
অস্ত্রোপচারও বন্ধ
সার্জারি ওয়ার্ডে ২১ দিন ভর্তি থাকার পর মঙ্গলবার সকালে অস্ত্রোপচারের জন্য সিরিয়াল পান মুন্সিগঞ্জের সিরাজদিখানের সোলায়মান মোড়ল (৪৮)। কিন্তু সংঘর্ষের কারণে তার অস্ত্রোপচার হয়নি।
হতাশ কণ্ঠে তিনি বলেন, “অনেক কষ্ট করে অপারেশনের সিরিয়াল পেলাম কিন্তু তা আজ হলো না, জানি না কোনদিন আবার সিরিয়াল পাব।”
বুধবার অপারেশন থিয়েটারে কর্মরত সেবিকা ইসরাত জাহান বলেন, মঙ্গলবার থেকেই সব ধরনের অস্ত্রোপচার বন্ধ রয়েছে।
প্রসূতি বিভাগেও কোন অস্ত্রোপচার হয়নি বলেন জানালেন সেবিকা কণকপ্রভা মণ্ডল।
তিনি জানান, এ বিভাগে ৩৬ জন রোগী রয়েছে। তবে নতুন করে গত দুদিন নতুন প্রসূতি আসেনি।
তবে পুরো বিষয়টিকে অনাকাঙ্ক্ষিত দাবি করে সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক সৈয়দ মাহবুবুল আলম জানান, দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।
চিকিৎসা সেবা বন্ধ থাকার পাশাপাশি বন্ধ রয়েছে কলেজের শিক্ষাকার্যক্রমও।
হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসক ও কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শোয়াইব হোসেন বলেন, “ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আমরা কাজে যোগ দেব না। এ সময় কলেজেও ক্লাস ও পরীক্ষা বর্জন করা হবে।”
হাসপাতালের উপপরিচালক আবু ইউসুফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
ইতোমধ্যে সংঘর্ষের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে হাসপাতাল ও কলেজ কর্তৃপক্ষ।
