২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃটিশবিরোধী বিপ্লবী শতবর্ষী জগবন্ধু রায় নেই

বৃটিশবিরোধী আন্দোলনের নেতা শতবর্ষী ডা. জগবন্ধু রায় (জেবি রায়) আর নেই।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2013, 06:10 PM

Updated : 23 Aug 2022, 07:16 PM

স্বজনরা জানান, বুধবার সকালে কিশোরগঞ্জ শহরে নগুয়া এলাকায় নিজ বাসভবনে ১০১ বছর বয়সে তার মৃত্যু হয়। বিকালে কিশোরগঞ্জের আমলিতলা স্মশানঘাটে তার শেষকৃত্য সম্পন্ন হয়।

এই বিপ্লবীর মৃত্যুতে এলাকারই আরেক কৃতি সন্তান রাষ্ট্রপতি আব্দুল হামিদ গভীর শোক প্রকাশ করেছেন।

মৃত্যুর খবর শুনে একনজর দেখতে সর্বস্তরের মানুষ তাদের বাসায় ভিড় করেন। তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

গত ৫ অক্টোবর একশ’ এক বছরে পদার্পণ করেছিলেন এই বিপ্লবী। 

জেবি রায়ের ছেলে ডা. শিব নারায়ণ রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৯৩৪ সালে ৮ম শ্রেণিতে পড়ার সময় জেবি রায় নেতাজি সুবাস বসুর বেঙ্গল ভলান্টিয়ার্স পার্টিতে যোগ দেন।

১৯৩৭ সালে পার্টিতে যোগ দেয়ার মাত্র চার বছরের মাথায় তিনি কিশোরগঞ্জে নেতৃত্বের দায়িত্ব পান।

বৃটিশ শাসকগোষ্ঠীর চোখ ফাঁকি দিয়ে মেট্রিক পরীক্ষা দিতে পারলেও এরপর আর প্রকাশ্যে আসেননি তিনি।

ইতোমধ্যে সুবাস চন্দ্র বসু, সত্য গুপ্ত, জ্যোতিষ জোয়ারদার, জ্যোতিষ রায়, ভূপেন্দ্র কিশোর কিশোরগঞ্জ ও ময়মনসিংহ এলে তাদের সঙ্গে দেখা ও কথা হয় জগবন্ধু রায়ের।

বৃটিশবিরোধী আন্দোলন করতে গিয়ে ১৯৪০ সালে তিনি গ্রেপ্তার হন। তাকে পাঠানো হয় ময়মনসিংহ জেলে। সেখান থেকে ১৯৪২ সালে পাঠানো হয় কলিকাতা প্রেসিডেন্সি জেলে। এর ছয়মাস পর সেখান থেকে স্থানান্তর করা হয় দমদম সেন্ট্রাল জেলে।

দমদম সেন্ট্রাল জেলে থেকেই তিনি হোমিও চিকিৎসাবিদ্যায় এমবিএইচ কোর্স সমাপ্ত করে সনদ অর্জন করেন।

ছেলে শিব নারায়ণ রায় আরো জানান, আজীবন প্রচারবিমুখ ছিলেন এই ত্যাগী বিপ্লবী। খ্যাতির মোহও ছিল না তার মধ্যে।

এ ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলতেন, “নাম-যশ হোক আর আমি বড় নেতা হই, এ উদ্দেশ্যে বৃটিশবিরোধী আন্দোলন করিনি। বিপ্লবের জন্য জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় উৎসর্গ করেছিলাম ও একনাগারে সাত বছর জেল খেটেছিলাম ভারতবর্ষের পিছিয়ে পড়া বিশাল জনগোষ্ঠীর মুক্তির জন্যে।”

তিনি বিশ্বাস করতেন, একজন স্বাধীনতাকামী সংগ্রামী মানুষের কাছে স্বাধীন মাতৃভূমি পাওয়াই সবচেয়ে গৌরবের। এরচেয়ে বড় প্রাপ্তি আর কিছু নেই।

কিশোরগঞ্জ জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) শাহ আজিজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাষ্ট্রপতি আব্দুল হামিদ পরিবারের সদস্যদের কাছে ফোন করে শোক প্রকাশ করেছেন।

দেশের মুক্তি সংগ্রামে তার অসামান্য অবদানের প্রতি সম্মান জানিয়ে রাষ্ট্রপতি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

এছড়া জেলার বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ডা. জেবি রায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বলে জানান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম আফজল।