রাজশাহীতে গান পাউডার, বোমা উদ্ধার
রাজশাহীর পবা উপজেলা নতুন কসবা এলাকা থেকে সাড়ে চার কেজি গান পাউডার ও ২৬টি বোমা উদ্ধার করেছে র্যাব।
হরতালে নাশকতা সৃষ্টির জন্য বিস্ফোরকগুলো সংরক্ষণ করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।
শনিবার রাত সোয়া ৯টার দিকে র্যাবের রেলওয়ে কলোনি ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে বিস্ফোরকগুলো উদ্ধার করেন।
রাজশাহী র্যাবের অপারেশন কমান্ডিং অফিসার মেজর শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা উপজেলা হরিপুর ইউনিয়নের নতুন কসবা এলাকায় অভিযান চালায়। এ সময় একটি বাঁশঝাড়ের মধ্যে শুকনো ড্রেন থেকে বোমা ও গান পাউডার উদ্ধার করা হয়।
নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে রোববার সকাল ৬টা থেকে দেশব্যাপী ৮৪ ঘণ্টার হরতাল আহ্বান করে ১৮ দলীয় জোট।
হরতালের আগের রাতেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মিছিল বের করে সহিংস প্রতিক্রিয়া দেখায় বিএনপি-জামায়াত নেতাকর্মীরা।
