গাজীপুরে শিশুসহ ‘অপহরণকারী’ আটক
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মঙ্গলবার অপহরণকারী সন্দেহে এক ব্যক্তিকে পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে জনতা।
এ সময় তার কাছে থাকা একটি চটের বস্তা থেকে আড়াই বছরের এক শিশুকে উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
আটক মঞ্জুরুল হক (৩৫) পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার বানিয়াপাড়া এলাকার রুহুল আমিনের ছেলে। তবে, উদ্ধার করা শিশুটির পরিচয় জানাতে পারেনি পুলিশ।
কালিয়াকৈর থানার এসআই মো. তোফায়েল আহমেদ জানান, ঢাকা থেকে শিশুটিকে নিয়ে মঞ্জুরুল সকালে এখানে নামেন। স্থানীয়দের সন্দেহ হলে তাকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে দেয়।
পিটুনিতে আহত মঞ্জুরকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানা হাজতে রাখা হয়েছে।
এসআই তোফায়েল আরো বলেন, তাদের থানার ওসি ওমর ফারুখ ঢাকার মিরপুরের শাহ আলী থানার পুলিশকে বিষয়টি অবগত করেছেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মঞ্জুরুল পুলিশকে জানান, ঢাকার মিরপুর মাজার এলাকা থেকে সোমবার সন্ধ্যায় শিশুটিকে নিয়ে আসেন তিনি। নিজের ছেলের মতো দেখতে হওয়ায় তিনি তাকে নিয়ে পঞ্চগড় যাচ্ছিলেন।
