চট্টগ্রামে ছুরিকাঘাতে নিহত ২
চট্টগ্রামে ছুরিকাঘাতে নিহত দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে পলিটেকনিক ইনস্টিটিউটের পেছনে রেল লাইনের ওপর থেকে শারীরিক ও বাক প্রতিবন্ধী মো. মামুন (২০) এবং হালিশহর নয়াবাজার রোড থেকে তাজুল ইসলামের লাশ উদ্ধার করা হয়।
চট্টগ্রাম রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) অহিদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খুলশী রেল গেইট এলাকার বাসিন্দা মামুন একটি দর্জির দোকানে কাজ করতেন।
সকালে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পলিটেকনিক ইনস্টিটিউটের পেছনের গেইটে রেল লাইনের ওপর থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।
এসআই অহিদুর জানান, মামুনের বুক, কোমর ও পায়ে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে।
তাজুল হালিশহর মৌসুমী আবাসিক এলাকার বাসিন্দা।
পাহাড়তলী থানার ওসি আজিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তাজুলের ঘাড়ে ও হাতে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
