সাভারে প্রবাসী খুন, বোনসহ আটক ১৩
ঢাকার সাভারে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক প্রবাসীকে অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার সকালে সাভার পৌর এলাকার গেন্ডার টিয়াবাড়ি মহল্লার নিজবাড়ি থেকে সাজ্জাদ তোফায়েল হকের (৬৬) লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, তিনি এলাকার প্রয়াত জিয়াউল হকের ছেলে এবং বেলজিয়াম প্রবাসী। এ ঘটনায় নিহতের বোন, আইনজীবী ভগ্নিপতিসহ ১৩ স্বজনকে আটক করা হয়েছে।
আটকরা হলেন নিহতের ছোট বোন সাহজাদী ফরিদা সুলতানা মুক্তি (৪০), ভগ্নিপতি অ্যাডভোকেট আকবর হোসেন (৪৮), আত্মীয় সিফাত (১৬), অপূর্ব (২১), আব্দুর রহিম (৩১), ফাহমিদা সুলতানা (৩১), সাদ্দাম হোসেন (২৩), সৌরভ (২০), স্বপনা (৪০), মনোয়ার হোসেন (৪৫), রাতুল (২১), নাজমুস সাকিব খান (২৫) ও এম এম জিয়াউল আনোয়ার (৩০)।
সাভার মডেল থানার ওসি মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গেন্ডা টিয়াবাড়ি মহল্লার বাসিন্দা বেলজিয়াম প্রবাসী তোফায়েল প্রায় এক বছর আগে বাড়ি আসেন।
এরপর থেকেই তার ছোট বোন মুক্তির সঙ্গে তাদের বাড়ির জমি নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে তাদের মধ্যে প্রায় সময়ই কথা কাটাকাটি হতো।
শুক্রবার সকাল ৯টার দিকে তার ছোট বোন ও স্বজনরা মিলে তোফায়েলকে দোতলার নিজ কক্ষে শ্বাসরোধে হত্যার পর লাশ গুমের চেষ্টা চালায়।
প্রতিবেশীরা বিষয়টি বুঝতে পেরে বাড়িতে প্রবেশের চেষ্টা করলে তাদের বাধা দেয় এবং এক পর্যায়ে দুপক্ষের মধ্যে মারামারিও হয়।
এতে স্থানীয় মাকসুদ আলম, মুন্সি ও মাহবুবসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। পরে খবর পেয়ে সাভার থানা পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ওসি আরও বলেন, ময়নাতদন্তের জন্য দুপুরে লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সাভার মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) মশিউদ্দৌলা রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাড়ে ৭ শতাংশ জমির উপর নির্মাণাধীন বাড়িটির দোতলা পর্যন্ত কাজ শেষ হয়েছে।
দুই ইউনিটের বাড়িটির একপাশে ছোট বোন মুক্তি পরিবার নিয়ে থাকেন। জমিসহ বাড়িটি কব্জা করতেই এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। বাড়ি তল্লাশি করে মুক্তির নামে একটি জাল দলিল উদ্ধার করেছে পুলিশ। এ জাল দলিল দিয়ে তিনি সম্প্রতি ব্যাংক থেকে ঋণও নেন।
এএসপি মশিউদ্দৌলা রেজা আরও বলেন, তোফায়েল ছোট বোনের চাতুরতা বুঝতে পেরেই তার নামে একটি উকিল নোটিশও পাঠিয়েছিলেন। এতেই ক্ষিপ্ত হয়ে তাকে হত্যার পরিকল্পনা করে থাকতে পারে আসামিরা।
পুরো বাড়িটি সিলগালা করে দেয়া হয়েছে বলে তিনি জানান।
নিহতের ছোট বোন সাহজাদী ফরিদা সুলতানা মুক্তি থানা হাজতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তোফায়েল তার মেজ ভাই। তিনি বেলজিয়াম প্রবাসী। সেখানে তার স্ত্রী ও এক মেয়ে রয়েছেন।
এক বছর তিনি বাড়ি এসে আরেকিট বিয়ে করেন। ৩/৪ দিন আগে সে স্ত্রীও চলে গেছে।
তবে হত্যাকাণ্ডের বিষয়ে তিনি কিছু বলতে রাজি হননি।
অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
সাভারের হারুলিয়ার ফকিরবাড়ী এলাকা থেকে শুক্রবার দুপুরে অজ্ঞাত পরিচয় এক যুবকের (২২) লাশ উদ্ধার করেছে পুলিশ।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ ফরিদ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মৃতের কাছ থেকে তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। তবে ওই ফোনের কল লিস্টের নম্বরে ফোন করেও তার পরিচয় জানতে পারেনি পুলিশ।
তিনি আরো বলেন, নিহতের হাতে দুটি দাগ রয়েছে। এ থেকে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সাপের কামড়ে তার মৃত্যু হয়েছে।
