জাবির কার্যক্রম যেন বাধাগ্রস্ত না হয়: হাই কোর্ট
আন্দোলনের কারণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দৈনন্দিন কার্যক্রম যাতে বাধাগ্রস্ত না হয়- সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি করে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের বেঞ্চ বুধবার অন্তর্বর্তীকালীন সময়ের জন্য এই আদেশ দেয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য (প্রশাসন), প্রক্টর ও রেজিস্ট্রারকে এই আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. আমিনুল ইসলাম, দর্শনের অধ্যাপক সৈয়দ মইনুল আলম, সরকার ও রাজনীতি বিভাগের চেয়ারম্যান কেএম মহিউদ্দিন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বাংলায় স্নাতক রাইয়ান রাজী এই রিট আবেদন করেন।
চার সপ্তাহের মধ্যে বিবাদিদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
স্বরাষ্ট্র সচিব, শিক্ষা সচিব, ইউজিসি চেয়ারম্যান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য (প্রশাসন), প্রক্টর ও রেজিস্ট্রার, পুলিশের মহাপরিদর্শক, ঢাকার পুলিশ সুপার, আশুলিয়ার ওসি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও সম্পাদক, পরিসংখ্যানের অধ্যাপক অজিত কুমার মজুমদার, গণিতের অধ্যাপক মো. শরিফ উদ্দিন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন মো. আমীর হোসেনকে রিটে বিবাদি করা হয়েছে।
শিক্ষক শিক্ষার্থীদের আন্দোলনের কারণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গত বেশ কিছুদিন ধরেই অস্থির। আন্দোলনের মুখে অনির্বাচিত উপাচার্য শরিফ এনামুল কবীরের বিদায়ের পর ওই পদে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আনোয়ার হোসেন। ২০১২ সালের ২৫ জুলাই উপাচার্য প্যানেল থেকে নির্বাচিত ভিসি হিসাবে নিয়োগ পান তিনি।
ওই নির্বাচনের আগেই সিনেট-সিন্ডিকেটেও নির্বাচনের দাবিতে আন্দোলনে যায় শিক্ষকদের একাংশ। বর্তমানে তারা উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন করছেন। প্রশাসনিক ভবন ঘেরাও, বিক্ষোভ, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন তারা।
রিট আবেদনে বলা হয়, বিবাদিরা প্রশাসনিক ভবনে তাদের কাজ করতে পারছেন না। সিনেট সভা করতে না দেয়ায় বাজেট পাস হয়নি। এ কারণে বাজেট ছাড়াই বিশ্ববিদ্যালয়ের তহবিল থেকে অর্থ ব্যয় হচ্ছে, যা আইনসম্মত নয়। সিন্ডিকেট সভা করতে না পারায় বিশ্ববিদ্যালয়ের অনেক সিদ্ধান্তও ঝুলে আছে।
এতে আরো বলা হয়, অ্যাকাডেমিক কাউন্সিলের সভা করতে না পারায় এলফিল, পিএইচডি ডিগ্রি দেয়া যাচ্ছে না। প্রকাশ হচ্ছে না অনেক পরীক্ষার ফল। ফাইন্যান্স কমিটি সভা করতে না পারায় অনেক অনিয়ম হচ্ছে। লাইব্রেরির জন্য বই, জার্নাল, গবেষণা সাময়িকী কিনতে ১৮ লাখ ৪০ হাজার টাকার একটি কাজও আটকে আছে। নবাব ফয়জুন্নেসা হলে একটি ঝুঁকিপূর্ণ ভবনের সংষ্কার প্রয়োজন হলেও অচলাবস্থার কারণে তা করা যাচ্ছে না।
