খুবিতে অনশন: ২৮ শিক্ষার্থী অসুস্থ
টার্ম ফাইনাল পরীক্ষার দাবিতে অনশনের তৃতীয় দিনে খুলনা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান স্কুলের আরো ১৬ শিক্ষার্থী অসুস্থ হয়েছেন।
রোববার দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটে জীববিজ্ঞান স্কুলের সাতটি ডিসিপ্লিনের শিক্ষার্থীরা অনশন শুরু করেন।
গত দুদিনে এ নিয়ে ২৮ জন অসুস্থ হল। সোমবার অসুস্থ হয়েছিলেন ১২ জন।
তাদের স্যালাইন দেয়া হচ্ছে বলে চিকিৎসক জানিয়েছেন।
খুলনা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি চিফ মেডিকেল অফিসার মো. মোশারেফ হোসেন জানান, তারা নিয়মিতভাবে অনশনরত শিক্ষার্থীদের পর্যবেক্ষণ করছেন। অনশনরত ২৮ শিক্ষার্থী কম-বেশি অসুস্থ হয়েছেন। তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।
চিকিৎসা নিয়ে পরে তারা আবার বিশ্ববিদ্যালয়ে ফিরে আসেন।
তিনি জানান, অনশনরতদের অবস্থা ক্রমেই অবনতি হলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দাবি মেনে নিচ্ছে না।
অনশনরত শিক্ষার্থী মো. খায়রুল ইসলাম জানান, টানা তিনদিনের অনশনে জীববিজ্ঞান স্কুলের সাত ডিসিপ্লিনের অনশনরত প্রায় সব শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন।
পরীক্ষার নির্দিষ্ট তারিখ ঘোষণা না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাবেন বলেও তিনি জানান।
জীববিজ্ঞান স্কুলের ডিন সমীর কুমার সাধুর নিয়োগকে কেন্দ্র করে স্কুলের ডিসিপ্লিন প্রধান ও শিক্ষকদের একাংশ শিক্ষা কার্যক্রমে সহযোগিতা না করায় ২৩ জুন টার্ম ফাইনাল পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও তা সম্ভব হয়নি।
এ নিয়ে উচ্চ আদালতে একটি রিট করেছেন শিক্ষকদের একাংশ।
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান জানান, “ডিন নিয়োগের বিরোধিতাকারী শিক্ষকদের সঙ্গে সোমবার বিকাল ও রাতে দুইদফা কথা বলে পরীক্ষা নেয়ার অনুরোধ জানিয়েছি। তারপরও তারা তাদের অবস্থানে অনঢ় রয়েছেন।”
আন্দোলনরত শিক্ষকদের নেতা নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের শিক্ষক ড. মো. রেজাউল করিম বলেন, যতদিন পর্যন্ত ডিন নিয়োগের বিষয়টির সমাধান হচ্ছে তারা প্রশাসনিক ও একাডেমিক কাজে অংশ নেবেন না।
