নোবিপ্রবির প্রক্টরের পদত্যাগপত্র
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নেওয়াজ মো. বাহাদুর পদত্যাগপত্র জমা দিয়েছেন।
ব্যক্তিগত কারণ দেখিয়ে বুধবার বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক মো. মমিনুল হকের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন।
নিবন্ধক মো. মমিনুল হক পদত্যাগপত্র জমা দেয়ার সত্যতা নিশ্চিত করে জানান, “বুধবার বিকেলে শৃঙ্খলা কমিটির সভায় প্রক্টর যোগ দিয়েছেন। সুতরাং তিনি এখনো স্বপদে আছেন।”
সভাটি বৃহস্পতিবার পর্যন্ত মূলতবি করা হয়েছে বলে জানান নিবন্ধক।
প্রক্টর নেওয়াজ মো. বাহাদুর বলেন, নিয়ম অনুযায়ী পদত্যাগপত্র জমা দেয়ার পর এটি গ্রহণ হলে লিখিতভাবে জানাতে হয়।
এখনো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ লিখিত বা মৌখিকভাকে কিছু জানায়নি বলে জানান প্রক্টর।
বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লায়েড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (এসিসিই) বিভাগের অনার্স ডিগ্রিকে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিতে রূপান্তরসহ বিভিন্ন দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে ভাংচুর, শিক্ষকদের অবরুদ্ধ করে রাখা এবং শিক্ষকদের উপর হামলার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যলয় বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
