২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আয়কর বাড়লেও রাজস্ব আয়ের লক্ষ্যপূরণ হয়নি

আয়কর আদায়ে লক্ষ্যমাত্রা পেরিয়ে গেলেও বিদায়ী অর্থবছরে মোট রাজস্ব আয়ের লক্ষ্যপূরণে বরাবরের মতোই ঘাটতি রয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2013, 03:35 PM

Updated : 23 Aug 2022, 11:06 AM

তবে রাজস্ব আদায় প্রায় ১৪ শতাংশ হারে বেড়ে হয়েছে ১ লাখ ৮ হাজার ২২৪ কোটি ৭১ লাখ টাকা। যা লক্ষ্যমাত্রার চেয়ে সাড়ে তিন শতাংশ কম।

এর আগের বছরে রাজস্ব আয় প্রবৃদ্ধি ছিল ২৭ শতাংশ।

জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের চেয়ারম্যান গোলাম হোসেন বুধবার সাংবাদিকদের বলেন, “২০১২-১৩ অর্থবছরে ১ লাখ ১২ হাজার ২৫৯ কোটি টাকার রাজস্ব আয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। সেই হিসেবে রাজস্ব আয়ে ঘাটতি রয়েছে ৪ হাজার ৩৪ কোটি ২৯ লাখ টাক “।

এনবিআর আশা করছে, সরকারের নির্মাণ, যোগানদারসহ অন্যান্য সেবা খাত থেকে মূল্য সংযোজন কর মুসক বাবদ আরও ১ হাজার কোটি টাকা রাজস্ব আয় হবে।

এতে ঘাটতি কমে ৩ হাজার কোটি টাকায় নেমে আসবে।

গোলাম হোসেন বলেন, “রাজনৈতিক অস্থিরতা রাজস্ব আয়ের লক্ষ্য অর্জনে বাধা হিসেবে কাজ করেছে। রাজনৈতিক অস্থিরতার কারণে কারখানা, দোকানপাট ঠিক মত চলতে পারেনি, কক্সবাজারসহ বিভিন্ন তারকা হোটেলে বিদেশী পর‌্যটক কমে গেছে। এসব কারণে কাঙ্ক্ষিত আয় হয়নি।” 

শুরু হওয়া ২০১৩-১৪ অর্থবছরের রাজস্ব আয়ের লক্ষ্য অর্জন হবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “রাজস্ব বোর্ডের কার‌্যক্রম ব্যাপক বিস্তৃত হয়েছে। আমরা ৮৫ উপজেলায় আয়কর বিভাগের অফিস খুলেছি। এছাড়া আয়কর, মুসক, কাস্টমস এর সমন্বিত অটোমেশনের কাজ করছি। সেবাটা মানুষের দোরগোড়ায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আশা করছি লক্ষ্য অর্জন হবে।”

“তবে রাজনৈতিক পরিবেশ ভালো না হলে বিশেষ করে, যারা রাজস্ব দেন, তারা ঠিকমত কাজ করতে না পারলে রাজস্ব আয়ের অনিশ্চয়তা থেকেই যাবে।”

এনবিআর জানায়, আমদানি ও রপ্তানি পর‌্যায়ে ৩২ হাজার ৫৩১ কোটি ৫৫ লাখ টাকা বা লক্ষ্য মাত্রার ৯০ দশমিক ৮৮ শতাংশ এবং স্থানীয় পর‌্যায়ে মুসক খাত থেকে ৩৮ হাজার ৮১৬ কোটি ৮ লাখ টাকা বা লক্ষ্যমাত্রার ৯৬ শতাংশ রাজস্ব আয় হয়েছে।

অপরদিকে আয়কর থেকে এনবিআর এবার লক্ষ্যমাত্রার বেশি রাজস্ব আয় করেছে। এ খাতে আয়ের লক্ষ্য ছিলো ৩৫ হাজার ৩০০ কোটি টাকা। আর আয় হয়েছে ৩৬ হাজার ৪৭৮ কোটি ৭৪ লাখ টাকা।

অন্যান্য কর ও শুল্ক থেকে বিদায়ী অর্থবছরে ৫৭৮ কোটি ৩৪ লাখ টাকা আয় হয়েছে। যা লক্ষ্যমাত্রার ৬০ শতাংশ।

ই-টিআইএন রেজিষ্ট্রেশন উদ্বোধনের পর এই তিন দিনে প্রায় ১০ হাজার লোক নতুন এই পদ্ধতিতে টিআইএন সনদ গ্রহণ করেছেন বলে জানান এনবিআর চেয়ারম্যান।