ভোলায় কলেজছাত্রী ‘হত্যাকারী’দের গ্রেপ্তার দাবি
ভোলার ইলিশায় কলেজছাত্রী আসমা আক্তার ‘হত্যাকাণ্ডের’ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সহপাঠীরা মানববন্ধন ও মৌন মিছিল করেছে।
মঙ্গলবার দুপুরে মানবাধিকার সহায়তা কেন্দ্রের সহযোগিতায় ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধনে আসমার পরিবারের সদস্যরাও অংশ নেন। পরে তারা জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দেন।
গত ৩১ মে ইলিশা ইসলামিয়া মডেল কলেজের ২য় বর্ষের ছাত্রী আসমা আক্তারের ঝুলন্ত লাশ শ্বশুরবাড়ি থেকে উদ্ধার করে পুলিশ।
আসমার পরিবারের দাবি, শ্বশুরবাড়ির লোকজন তাকে পিটিয়ে হত্যা করে লাশ ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা করে।
আসমা আক্তারের মৃত্যুর ঘটনায় দায়িত্বে অবহেলার জন্য ভোলা থানার এসআই মো. বশিরকে গত শুক্রবার প্রত্যাহার করা হয়।
