২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আপিল শেষ হলেই রায় কার্যকর’

আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, জামায়াত নেতা মোহাম্মদ কামারুজ্জামান ট্রাইব্যুনালের ফাঁসির রায়ের বিরুদ্ধে আপিল করার পর সর্বোচ্চ আদালয়ের রায় পেলেই সাজা কার্যকর করা হবে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2013, 10:17 AM

Updated : 13 Oct 2022, 02:51 PM

ট্রাইব্যুনালের এই রায়ে আইনের শাসন প্রতিষ্ঠা ও ক্ষতিগ্রস্তদের সুবিচার নিশ্চিত হয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।

একাত্তরে হত্যা, গণহত্যা ও নির্যাতনের সাতটি অভিযোগের মধ্যে পাঁচটি প্রমাণিত হওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বৃহস্পতিবার ফাঁসিতে ঝুলিয়ে কামারুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দেয়।  

এর পরপরই আইনমন্ত্রী সচিবালয়ে সাংবাদিকদের বলেন, “বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার ছিল মুক্তিযুদ্ধের সময় যারা মানবতাবিরোধী, গণহত্যা করেছিল তাদের বিচার করা। এ রায়ের মাধ্যমে নির্বাচনী ইশতেহার আংশিকভাবে হলেও পূরণ হচ্ছে।”

স্বচ্ছ্বতার সঙ্গে আন্তর্জাতিক মান বজায় রেখেই ট্রাইব্যুনালের বিচার কাজ চলছে বলে মন্তব্য করেন মন্ত্রী। 

“যে কারণে বিচার হচ্ছে, অর্থাৎ আইনের শাসন প্রতিষ্ঠা, ক্ষতিগ্রস্তদের সুবিচার নিশ্চিত করা এবং জাতিকে কলঙ্কমুক্ত করার লক্ষ্য পূরণ হয়েছে”, বলেন মন্ত্রী।

যুদ্ধাপরাধের বিচার ‘রাজনৈতিক কারণে’- বিরোধী দলের এমন অভিযোগ নাকচ করে আইন মন্ত্রী বলেন, “তাদের স্পষ্ট করে বলতে চাই, রাজনৈতিক কারণে কাউকে বিচারের আওতায় আনা হয়নি, যারা অপরাধ করছে তাদের বিচারের আওতায় আনা হচ্ছে।” 

বর্তমান সরকারের আমলেই রায় কাযকর করা সম্ভব হবে কিনা জানতে চাইল শফিক আহমেদ বলেন, “এ রায়ে আসামি ও সরকার পক্ষ আপিল করার সুযোগ পাবে। আপিলের পর সর্বোচ্চ আদালতের রায় পেলেই সাজা কাযকর করা হবে।”

কামারুজ্জামানের আইনজীবী এরই মধ্যে জানিয়েছেন, তারা এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন। 

যুদ্ধাপরাধের মামলায় মৃত্যুদণ্ডের আদেশ পাওয়া পলাতক আবুল কালাম আযাদকে ফিরিয়ে আনতে সরকার কি ব্যবস্থা নিচ্ছে জানতে চাইলে মন্ত্রী বলেন, “যারা পালিয়ে গেছে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে।”

কাদের মোল্লার মামলায় আপিলের রায় দেয়ার নির্দিষ্ট সময় পার হয়ে যাওয়ায় কোনো আইনি জটিলতা সৃষ্টি হবে কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, সর্বোচ্চ আদালত ইচ্ছা করলেই এ সময় বাড়াতে পারে।

আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম রায়ের প্রতিক্রিয়ায় বলেন, “এ রায়ের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে। এতে প্রমাণিত হয়েছে যতই সন্ত্রাস নৈরাজ্য করা হোক, একাত্তরের ঘাতকদের বিচার কেউ বন্ধ করতে পারবে না।”

‘একাত্তরের ঘাতকদের’ বিচারের মধ্য দিয়েই ‘মুক্তিযুদ্ধের পক্ষ ও বিপক্ষের বিভাজন’ চিরতরে বন্ধ করে দেশে শান্তি প্রতিষ্ঠা সম্ভব বলেও তিনি মন্তব্য করেন।