ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বিআরটিসি বাস চালুর দাবি
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে নন-এসি বাস চালুর দাবিতে বিআরটিসির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে স্মারকলিপি দিয়েছে নারায়ণগঞ্জ নাগরিক কমিটি।
সোমবার দুপুরে ঢাকায় বিআরটিসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কর্ণেল মো: আব্দুল নাহিল করিম এর সঙ্গে সাক্ষাৎ শেষে তার কাছে স্মারকলিপি প্রদান করেন তারা।
নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সহ সভাপতি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি জানান, সোমবার দুপুরে বিআরটিসির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে তারা সৌজন্য সাক্ষাৎ করে ঢাকা-নারারায়ণগঞ্জ রুটে পুনরায় বিআরটিসি নন এসি বাস চালু ও আরো এসি বাস সরবরাহ, শহরের মন্ডলপাড়া এলাকায় বিআরটিসি বাসের কাউন্টার স্থাপন এবং নতুন আমদানী করে আনা বিআরটিসির আর্টিকুলেটেড বাস চালুর দাবি জানান।
এসময় নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দিক, সহ সভাপতি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মিন্টু, সদস্য আসাদুল হক উপস্থিত ছিলেন।
পরে বিআরটিসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন বলে তিনি জানান।
