২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে নানা আয়োজনে বর্ষবরণ

ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও নানা আয়োজনের মধ্য দিয়ে সারাদেশের মতো সিলেটেও নতুন বছরকে স্বাগত জানিয়েছে সর্বস্তরের মানুষ।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2013, 11:22 AM

Updated : 23 Aug 2022, 10:33 AM

রোববার সকালে নগরীতে বের করা হয় বর্ণিল শোভাযাত্রা। নতুন পোশাক, নানা সাজ নিয়ে নারী-শিশুসহ সব বয়সী মানুষ আনন্দে মেতে ওঠে।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ব্লু-বার্ড উচ্চ বিদ্যালয়, সুরমার তীর ও শ্রীহট্ট সংস্কৃত কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

সকাল থেকে এসব স্থানে যেন মানুষের ঢল নামে। নানা সাজে তরুণ তরুণীরা নানা সাজ নিয়ে নেচে গেয়ে বরণ করে নেয় প্রাণের উৎসবকে।

বাংলা নববর্ষ ১৪২০ উদযাপনে সিলেট সিটি কর্পোরেশনের সাত দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা, বৈশাখী মেলা, চিত্রাঙ্কন ও সাঁতার প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

পয়লা বৈশাখ থেকে সাত দিনব্যাপী এ বৈশাখী মেলা চলবে শারদা স্মৃতি ভবন সংলগ্ন সুরমা নদীর তীরে।

সকালে জেলা প্রশাসনের নববর্ষের অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক খান মোহাম্মদ বিলাল।

এ অনুষ্ঠানমালার অংম হিসেবে সকাল ১০টায় বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

সাংস্কৃতিক সংগঠন শ্রুতি নগরীর সুবিদবাজারস্থ ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে। এর মধ্যে রয়েছে মাঙ্গলিক উদ্বোধন, সম্মেলক সঙ্গীত, রাধারমনের গান, শাহ আব্দুল করিমের গান, আবৃত্তি, নৃত্য, বাউল গান ও দিনব্যাপী বৈশাখী মেলা।

সাংস্কৃতিক সংগঠন আনন্দলোক’র উদ্যোগে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় শ্রীহট্ট সংস্কৃত কলেজ প্রাঙ্গণে।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগ আয়োজন করেছে- স্থাপত্যে বৈশাখ ১৪২০।

তাদের আয়োজনের মধ্যে রয়েছে মুখোশ তৈরি, ফানুস উৎসব, র‌্যালি, ঘুড়ি উৎসব, চিত্রকর্ম প্রদর্শনী, বৈশাখী মেলা, খেলার আসর ও পুতুল নাচ।