বাল্য বিয়েতে সহযোগিতা করায় জরিমানা
চাঁদপুরে বাল্য বিয়েতে সহযোগিতা করার দায়ে এক ইউপি সদস্যসহ তিন জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে শাহরাস্তি উপজেলার নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে উপস্থিত হলে জরিমানার পাশাপাশি ওই তিনজনের কাছ থেকে বাল্য বিয়ে না পড়ানোর অঙ্গীকারনামা নেয়া হয়েছে।
ইউএনও মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন বলেন, গোপন সূত্রে বাল্য বিয়ের খবর পেয়ে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের মাধ্যমে তার সত্যতা যাচাই করা হয়।
গত ৮ এপ্রিল ইউপি চেয়ারম্যান বিয়ের আসরে গিয়ে কনের বাবা, বরের বাবা এবং তাদের মধ্যস্থতাকারী ইউপি সদস্য- এই তিনজনকে ইউএনও’র কার্যালয়ে হাজির হতে নির্দেশ দেন।
মঙ্গলবার তারা ইউএনও’র কার্যালয়ে উপস্থিত হলে প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা করা হয়।
