লালমনিরহাটে বাস খাদে, নিহত ১
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বাস খাদে পড়ে একজন নিহত হয়েছেন। আহত হন অন্তত ১৭ জন।
রোববার দুপুরে লালমনিরহাট-বুড়িমারী সড়কে পশ্চিম কাশিরাম এলাকায় এ দুর্ঘটনায় নিহত এন্তাজ আলী (৪০) সদরের ফুলগাছ গ্রামের সেকেন্দার আলীর ছেলে।
আহতদের মধ্যে চারজনকে আশংকাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কালীগঞ্জ থানার ওসি মো. আমিরুজ্জামান বলেন, পাটগ্রাম থেকে রংপুরগামী বাসটি একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা খেয়ে পাশের খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই এন্তাজ আলী নিহত হন।
বাসটিতে প্রায় অর্ধশত যাত্রী ছিল বলে ওসি জানান।
