২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধা-কুমিল্লায় দুর্ঘটনায় নিহত ২

গাইবান্ধা ও কুমিল্লায় বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় দুজন ভ্যানচালক নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গাইবান্ধা/কুমিল্লা, প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2013, 01:06 PM

Updated : 23 Aug 2022, 10:25 AM

গাইবান্ধার দুর্ঘটনাটি ঘটেছে ফুলছড়ি উপজেলার কঞ্চিবাড়ী একাডেমির সামনে বালাসী সড়কে।

ফুলছড়ি থানার এসআই মো. সামস্ বলেছেন, একটি পিকআপ রিকশা ভ্যানকে চাপা দিলে মারা যান ভ্যানচালক আলী আকবর (৩৫)।

নিহত আকবর গাইবান্ধা সদর উপজেলার কামারজানী ইউনিয়নের পাহাড় দিয়ারার চর গ্রামের হাসেন আলীর ছেলে।

গাইবান্ধা থেকে বালাসীগামী সিমেন্টের বস্তাভর্তি পিকআপটি চালকসহ আটক করা হয়েছে। মামলার প্রস্তুতিও চলছে। 

কুমিল্লার দুর্ঘটনাটি ঘটেছে মনোহরগঞ্জ উপজেলার খিলা বাজারে কুমিল্লা-নোয়াখালী সড়কে।  

নিহত ভ্যানচালক শহিদুল ইসলাম (৩৫) নাঙ্গলকোট উপজেলার উরুকচাইল গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে বাসচাপায় শহিদের মৃত্যুর পর বিক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে।

পুলিশ গিয়ে প্রায় ১ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক করে বলে জানান মনোহরগঞ্জ থানার ওসি মো. জহিরুল আনোয়ার।

ওসি জানান, নোয়াখালী থেকে কুমিল্লাগামী উপকূল পরিবহনের একটি বাসের চাপায় নিহত হন ভ্যানচালক শহিদুল।