টাঙ্গাইলে ছাত্রলীগ নেতা হত্যা: চবি ছাত্রলীগের বিক্ষোভ
টাঙ্গাইলে ছাত্রলীগ নেতা ইমরান হোসেন হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয (চবি) ছাত্রলীগ।
বুধবার দুপুরে গোল চত্ত্বর থেকে শুরু হয়ে মিছিলটি শহীদ মিনার ও প্রশাসনিক ভবন হয়ে রেল ষ্টেশনে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে এক সমাবেশে বক্তারা এ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
তারা অভিযোগ করেন, যুদ্ধাপরাধীদের বিচারের রায় ঘোষণার পর থেকে স্বাধীনতা বিরোধীরা দেশকে অস্থিতিশীল করে যুদ্ধাপরাধীদের বিচার বানচালের চেষ্টা করছে।
১৮ দলের হরতালের দ্বিতীয় দিন মঙ্গলবার টাঙ্গাইলের গোপালপুরে বিএনপি কর্মীদের রামদার কোপে গুরুতর জখম হন ইমরান। পরে টাঙ্গাইল সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
বক্তারা ছাত্র সমাজকে সচেতন থাকার আহবান জানিয়ে বলেন, দেশের প্রতিটি ক্রান্তিলগ্নে ছাত্রসমাজ এগিয়ে এসেছে। এবারও আপামর ছাত্রজনতাকে নিয়ে ছাত্রলীগ দুর্বার আন্দোলন গড়ে তুলবে।
চবি ছাত্রলীগের সভাপতি মামুনুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ খালেদ চৌধুরীর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সহ-সভাপতি মোস্তফা সাইফুল ইসলাম রুমেন, আহসানুল করিম জনি, রাহাত হোসেন হিমেল, আবুল কাসেম প্রমুখ।
