২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিজভী আমান ফারুক কারাগারে, বাকিরা রিমান্ডে

নয়া পল্টনে পুলিশের ওপর হামলা ও হাতবোমা বিস্ফোরণের মামলায় বিএনপি নেতা রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান ও জয়নুল আবদিন ফারুকের জামিন ও পুলিশের রিমান্ড আবেদন নাকচ করেছে আদালত।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2013, 10:06 AM

Updated : 25 Apr 2022, 06:30 PM

তাদের কারাগারে রাখতে বলা হলেও এ দুই মামলার অপর ১৫১ আসামিকে মোট আট দিনের পুলিশ রিমন্ডে পাঠানো হয়েছে।

দ্রুত বিচার আইনের মামলায় মহানগর হাকিম কেশব রায় চৌধুরী এবং বিস্ফোরণের মামলায় অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. আলী হোসেন বুধবার এই আদেশ দেন।

১৮ দলীয় জোটের ১৫১ নেতাকর্মীকে দ্রুত বিচার আইনের মামলায় তিন দিন এবং বিস্ফোরণের মামলায় পাঁচ দিন রিমান্ড মঞ্জুর করেন দুই বিচারক।

এই আদেশের পরপরই বিএনপিপন্থী আইনজীবীরা আদালত প্রাঙ্গণে বিক্ষোভ দেখান।

গত ১১ মার্চ বিকালে বিএনপি কার্যালয়ের সামনে ১৮ দলের সমাবেশের শেষ দিকে হঠাৎ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটে এবং সমাবেশ পণ্ড হয়ে যায়।

এর ঘণ্টাখানেক পর বিএনপি কার্যালয় ও আশেপাশের এলাকা থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের ১৫৫ নেতাকর্মীকে আটক করে পুলিশ। কার্যালয়ে তল্লাশি চালিয়ে পুলিশ দশটি হাতবোমা উদ্ধারের কথা জানায়।

পরদিন বিএনপির তিন নেতা মির্জা ফখরুল, সাদেক হোসেন খোকা ও আলতাফ হোসেন চৌধুরীকে ছেড়ে দিলেও ১৮ দলীয় জোটের ১৫৪ জনের বিরুদ্ধে দুটি মামলা করে পল্টন থানা পুলিশ। দুই মামলাতেই আরো ৪০-৫০ জন অজ্ঞাতপরিচয় নেতাকর্মীকে আসামি করা হয়।

বিরোধী দলীয় প্রধান হুইপ ফারুক, বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী ছাড়াও যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান ও মো. শাজাহান, ড্যাব মহাসচিব ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এম জাহিদ হোসেন এবং বিএনপির সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিবকে দুই মামলাতেই হুকুমের আসামি করা হয়।

মামলার অভিযোগে বলা হয়- রিজভী, ফারুকসহ ছয় হুকুমের আসামি সোমবার বিকালে নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে ১৮ দলীয় জোটের সমাবেশে মাইকের মাধ্যমে ত্রাস ও অরাজক পরিস্থিতি সৃষ্টির কথা বলে কর্মীদের উত্তেজিত করে তোলে। এর ফলে দলীয় কর্মীরা ওই এলাকায় ১৮ থেকে ২০টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। জনসাধারণের চলাচলের রাস্তায় টায়ার, চট, কাঠ ও কাগজ দিয়ে সাতটি জায়গায় আগুন দিয়ে অরাজক পরিস্থিতি সৃষ্টি করে।

১২ মার্চ আসামিদের আদালতে হাজির করে দ্রুত বিচার আইনের মামলায় ৭ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেন তদন্ত কর্মকর্তা এস আই মাহামুদুল হাসান। আর বিস্ফোরক আইনের মামলার তদন্ত কর্মকর্তা এস আই আবু জাফর আসামিদের ১০ দিন করে রিমান্ডে চান।

অন্যদিকে আসামিদের আইনজীবীরা এর বিরোধিতা করে জামিনের আবেদন করেন। ওইদিন প্রাথমিক শুনানির পর আদালত আরো শুনানির জন্য আসামিদের কারাগারে পাঠাতে বলেন। 

বুধবার শুনানির নির্ধারিত দিনে দুপুরেই আসামিদের আদালতে হাজির করা হয়।  বিকাল ৩টায় ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. আলী হোসেন বিস্ফোরণ, পুলিশের ওপর হামলা ও ভাংচুরের মামলার শুনানি গ্রহণের জন্য এজলাসে ওঠেন।

দেড় ঘণ্টার শুনানির শুরুতে ঢাকার মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি শাহ আলম তালুকদার আসামিদের রিমান্ডে নেয়ার পক্ষে যুক্তি দেখান।

পরে আসামিদের পক্ষে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া রিমান্ডের বিরোধিতা করে জামিন চান।

আসামিদের মধ্যে বিএনপির শীর্ষ নেতাদের নাম উল্লেখ করে তিনি বলেন, “এরা কোনো অপরাধী বা দুস্কৃতকারী নন। জয়নাল আবদীন ফারুক গুরুতর অসুস্থ। তাদের রিমান্ডে নেয়ার কোনো যুক্তিসঙ্গত কারণ নেই।”

রফিকুলের বক্তব্য শেষ না হতেই বিএনপি সমর্থক এক আইনজীবী উচ্চকণ্ঠে জানতে চান- ঢাকা মেট্রোপলিটন আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা আবেদ রাজাকে কেন হাতকড়া পড়িয়ে এজলাসে আনা হয়েছে।

ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও বিএনপিপন্থী আইনজীবী নেতা খোরশেদ মিয়া আলম বিচারকের দৃষ্টি আকর্ষণ করে বলেন, দুর্ধর্ষ আসামি ছাড়া কাউকে ডাণ্ডাবেড়ি পড়ানোর নিয়ম না থাকলেও অনেক নেতা কর্মীকে সেভাবেই আদালতে আনা হয়েছে।

তার এ কথার পর ভিড়ের মধ্যে  ডাণ্ডাবেড়ি পড়ানো  বিএনপি কর্মীরা তাদের ডাণ্ডাবেড়ি বাজানো শুরু করেন।

ব্যারিস্টার রফিকুল বলেন, বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে এ মামলা ‘মোটিভেটেড’। বিএনপি কার্যালয় থেকে বোমা উদ্ধারের ঘটনা ‘সাজানো ও অসত্য’।

হাকিম আলী হোসেন এরপর রিজভী, আমা ও ফারুকের জামিন ও রিমান্ড আবেদন নামঞ্জুর করে আদেশ দেন।

তবে বাকিদের বিষয়ে আদেশ অপেক্ষমাণ রাখেন তিনি।

১৫ মিনিট পর এজলাসে আসেন মহানগর হাকিম কেশব রায় চৌধুরী। এ সময় অন্যান্য বক্তব্যের সঙ্গে ডাণ্ডাবেড়ি নিয়েও হৈ চৈ শুরু করেন বিএনপি নেতাদের আইনজীবীরা।

পরে খাসকামরায় আদেশ দেয়া হবে বলে কেশব রায়ও এজলাস থেকে নেমে যান। 

এর কিছুক্ষণ পর অপেক্ষমান আইনজীবীদের সামেন দুই মামলার আদেশ পড়ে শোনান রাষ্ট্রপক্ষে কর্তব্যরত একজন পুলিশ কর্মকর্তা।

বিএনপি নেতাকর্মীদের জামিন না দিয়ে রিমান্ডে পাঠানোয় তাদের আইনজীবীরা আদেশের পর আদালতের বরান্দা ও চত্বরে বিক্ষোভ দেখান।

পুরনো খবর:

রিজভীরা কারাগারে