২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে বাসচাপায় ৪ অটোরিকশা যাত্রী নিহত

শেরপুরের ঝিনাইগাতি উপজেলায় বাসচাপায় দুই ভাইসহ চার অটোরিকশাযাত্রী নিহত হয়েছেন।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2013, 07:32 AM

Updated : 23 Aug 2022, 10:17 AM

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় উপজেলার জুলগাঁও এলাকার কাটাখালী সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান জেলা পুলিশ সুপার (এসপি) আনিসুর রহমান।

নিহতরা হলেন, উপজেলার দড়ি কালীনগর গ্রামের আব্দুল কাদিরের দুই ছেলের মোখলেছুর রহমান (৩০) ও মোর্শেদ আলী (২০), একই গ্রামের আমির আলীর ছেলে রফিকুল ইসলাম (৩৫) এবং  উপজেলার ছড়িহারা গ্রামের তোতা মিয়ার ছেলে অটোরিকশাচালক ফকির মিয়া (৩৫)।

এসপি আনিসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে ঢাকা থেকে ঝিনাইগাতিগামী একটি বাস বিপরীত দিক থেকে আসা অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তিন যাত্রী মারা যান।

আহত অটোরিকশাচালককে শেরপুর সদর হাসপাতালে আনা হলে তিনি সেখানেই তিনি মারা যান।

নিহতদের লাশ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। চালক বাস ফেলে পালিয়ে গেছে বলে জানান এসপি।