চট্টগ্রামে হরতালে সাড়া নেই
হরতাল ডেকে চট্টগ্রামে রাস্তায় নেই জামায়াত-শিবিরের কর্মীরা। হরতালে তেমন একটা সাড়াও দেয়নি নগরবাসী।
দেলাওয়ার হোসাইন সাঈদীর যুদ্ধাপরাধের মামলার রায় ঘোষণার দিনে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামী এ হরতাল ডাকে।
বৃহস্পতিবার সকাল থেকেই নগরীতে গণপরিবহন চলছে। নেমেছে কিছু ব্যক্তিগত গাড়িও। এছাড়া নগরীর অলিগলিতে রিকশা-অটোরিকশা, টেম্পো স্বাভাবিকভাবেই চলছে।
স্বাভাবিক কাজ চলছে চট্টগ্রাম বন্দর ও চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকাতেও।
চট্টগ্রাম থেকে দূরপাল্লার বাস ছেড়ে না গেলেও সব ট্রেন যথাসময়ে ছেড়ে গেছে।
কোতয়ালী থানার ওসি মহিউদ্দিন সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা এগারটা পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। জামায়াত-শিবির কর্মীদের তেমন কোনো তৎপরতা চোখে পড়েনি।
তবে জেলার সাতকানিয়ায় ঢাকা থেকে কক্সবাজারগামী বাসে হরতালকারীরা ঢিল ছুড়ে বলে জানান সংশ্লিষ্ট থানার ওসি মো. ইসমাইল।
এদিকে হরতাল প্রত্যাখান করে ঢাকার শাহবাগের আন্দোলনের সাথে সংহতি রেখে নগরীর জামাল খান প্রেসক্লাব চত্বরের গণজাগরণ মঞ্চ থেকে হরতাল প্রত্যাখানের আহবান জানিয়ে প্রতিবাদী কর্মসূচি চলছে।
