ট্রাইব্যুনালের বাইরে ফাঁসির দাবিতে স্লোগান
জামায়াতে ইসলমীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির দাবি নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় অবস্থান নিয়েছেন মুক্তিযোদ্ধারা।
ট্রাইব্যুনালের আগের দুটি রায়ের দিন মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সংগঠনের সদস্যদের সীমানা প্রাচীরের ভেতরে হাই কোর্ট মাজার এলাকায় বিক্ষোভ করতে দেখা গেলেও বৃহস্পতিবার সকালে তাদের ভেতরে ঢুকতে দেয়া হয়নি।
ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান এটিএম ফজলে কবীর এবং দুই সদস্য বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি আনোয়ারুল হক সকাল সোয়া ৯টার মধ্যে ট্রাইব্যুনালে প্রবেশ করেন।
গণমাধ্যম কর্মীরা রায়ের সংবাদ সংগ্রহের জন্য আগেই ট্রাইব্যুনালের সামনে জড়ো হয়েছেন। কারাগার থেকে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছে আসামি সাঈদীকেও।
ট্রাইব্যুনাল ঘিরে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এই ট্রাইব্যুনালই কিছুক্ষণের মধ্যে সাঈদীর বিরুদ্ধে মামলার রায় ঘোষণা শুরু করবে।
ট্রাইব্যুনালের আশেপাশের এলাকায় যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে। বঙ্গবাজার মোড় থেকে মৎস্য ভবন পর্যন্ত এলাকায় বসানো হয়েছে পুলিশ চেকপোস্ট। সবাইকে ট্রাইব্যুনালে ঢোকানো হচ্ছে তল্লাশি করে।
যুদ্ধাপরাধের বিচারের বিরোধিতায় বৃহস্পতিবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল করছে জামায়াতে ইসলামী। ট্রাইব্যুনাল ভেঙে দিয়ে শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে গত নভেম্বর মাস থেকেই রাজধানীসহ সারা দেশে সহিংসতা চালিয়ে আসছে একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী দলটি।
অন্যদিকে জামায়াতের হরতাল প্রতিরোধের ঘোষণা দিয়ে শাহবাগ থেকে মিছিল করছে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি জানিয়ে আসা গণজাগরণ মঞ্চ।
মুক্তিযুদ্ধের সময় পিরোজপুরে হত্যা, লুণ্ঠনসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা একটি মামলায় ২০১০ সালের ২৯ জুন গ্রেপ্তার করা হয় সাবেক সংসদ সদস্য সাঈদীকে। পরের বছর ১৪ই জুলাই তার বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল।
একাত্তরে ৩ হাজারেরও বেশি নিরস্ত্র ব্যক্তিকে হত্যা বা হত্যায় সহযোগিতা, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুটপাট, ভাংচুর ও ধর্মান্তরে বাধ্য করাসহ মানবতাবিরোধী অপরাধের ২০টি ঘটনায় ২০১১ সালের ৩ অক্টোবর অভিযোগ গঠনের মধ্য দিয়ে তার বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল।
