২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে মাঠে নেই জামায়াত

দেলাওয়ার হোসাইন সাঈদীর যুদ্ধাপরাধের মামলার রায় ঘোষণার দিনে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামীর হরতাল চলছে কড়া নিরাপত্তার মধ্যে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2013, 04:13 AM

Updated : 23 Aug 2022, 10:17 AM

জামায়াতের এই কর্মসূচি প্রত্যাখ্যান করে দেশের মানুষকে মিছিল নিয়ে রাস্তায় নামার আহ্বান জানানো হয়েছে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আন্দোলনরত শাহবাগের গণজাগরণ মঞ্চ থেকে।

হরতালে বিশৃঙ্খলা এড়াতে বৃহস্পতিবার ভোর থেকেই রাজধানীর প্রতিটি সড়কে অবস্থান নেন বিপুল সংখ্যক পুলিশ ও র্যাব সদস্য। ট্রাইব্যুনাল এলাকাতেও আগের দিন থেকেই নেয়া হয় কঠোর নিরাপত্তা।

সকালে হরতালের প্রথম দুই ঘণ্টায় রাজধানীর যাত্রাবাড়ী ও মিরপুর এলাকায় বাস ভাংচুরের চেষ্টার খবর পাওয়া গেলেও বড় কোনো গোলোযোগের খবর পাওয়া যায়নি। জামায়াত-শিবির কর্মীদেরও তেমন কোনো তৎপতা চোখে পড়েনি।  

সকাল ৭টার দিকে রাজারবাগ এলাকায় ঝটিকা মিছিল নিয়ে কয়েকটি হাতবোমা ফাটানো হয়। এ সময় ৬ জনকে আটক করা হয় বলে শেরে বাংলা নগর থানার ওসি আব্দুল মোমিন জানান।

রাজধানীর সড়কগুলোতে রিকশা ও অটোরিকশা চলতে দেখা গেছে। কিছু কিছু বাস ও প্রাইভেট কারও বেরিয়েছে রাস্তায়।

কাছাকাছি সময়ে যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় একটি গাড়িতে আগুন দেয়ার চেষ্টা হয়। এ সময় জনতা এক শিবির কর্মীকে ধরে পুলিশে দেয় বলে যাত্রাবাড়ী থানার এস আই এমরানুল ইসলাম জানান।

সাড়ে ৮টার পর কমলাপুর-মতিঝিল এলাকায় কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটায় হরতালকারীরা। তবে পুলিশ এ সময় কাউকে আটক করতে পারেনি। হাতবোমা ফাটানোর খবর পাওয়া গেছে তেজগাঁও এলাকাতেও।

কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সকালে নির্ধারিত সময়েই সব ট্রেন যাওয়া আসা করেছে বলে স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন জানিয়েছেন।

বাংলাদেশ আভ্যন্তরীন নৌ চলাচল কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ট্রাফিক ইন্সপেক্টর হুমায়ূন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোর থেকে বেলা ১১টা পর্যন্ত সদরঘাট থেকে ১১টি লঞ্চ ছেড়ে গেছে, ভিড়েছে ৩৩টি লঞ্চ।

সায়েদাবাদ ও মহাখালী থেকে দূর পাল্লার বাস ছেড়ে না গেলেও গাবতলী বাস টার্মিনাল থেকে পাটুরিয়াসহ দুএকটি রুটের অল্প কিছু বাস ছেড়ে গেছে বলে টিকেট কাউন্টার থেকে জানানো হয়।

হরতালের কারণে ঢাকা, চট্টগ্রাম মহানগর এবং কক্সবাজারে বুধবার সন্ধ্যা থেকেই বিজিবি সদস্যরা টহলে নামেন। পুলিশ কর্মকর্তারা বলছেন, যে কোনো ধরনের বিশৃঙ্খলা কাঠোর হাতে দমন করা হবে।

এর মধ্যেও হরতালের আগের রাতে রাজধানীর মোহাম্মদপুর থানার পাশে একটি দ্রুতগতির মাইক্রোবাস থেকে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। সন্ধ্যায় ধানমন্ডিতে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের বাসে হামলা চালায় হরতাল সমর্থকরা। এতে কয়েকজন ফুটবলার আহত হন।

মুক্তিযোদ্ধার কোচ শফিকুল ইসলাম মানিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আবাহনী ক্লাবের উল্টো দিকে হরতালের সমর্থনে স্লোগান দিয়ে বাসে হামলা চালানো হয়। হামলাকারীরা লাঠি দিয়ে কয়েকজন খেলোয়াড়কে আঘাতও করে।

Image
ট্রাইব্যুনাল ঘিরে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা

ট্রাইব্যুনাল ঘিরে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা

এছাড়া সন্ধ্যায় আবাহনী মাঠের বিপরীতে স্টার কাবাবের গলিতে এবং রাত সাড়ে ১০টার দিকে মিরপুর ১০ নম্বরে দুটি হিউম্যান হলার পুড়িয়ে দেয় হরতাল সমর্থকরা।

রাতে চট্টগ্রাম ইপিজেড এলাকায়ও একটি ট্রাকে আগুন দেয়া হয়। ঘটনাস্থল থেকে এক শিবিরকর্মীকে আটক করে পুলিশ।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ জামায়াতের নায়েবে আমীর সাঈদীর মামলার রায়ের জন্য বৃহস্পতিবার দিন রাখার কয়েক ঘণ্টার মধ্যে বুধবার দুপুরে হরতালের ঘোষণা দেয় জামায়াতে ইসলামী। এর আগে ৫ ফেব্রুয়ারি সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার রায়ের দিনও হরতাল দিয়ে দেশের বিভিন্ন স্থানে নাশকতা চালায় দলটি।

জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বুধবার এক বিবৃতিতে বলেন, “সরকারের ইসলামবিরোধী কর্মকাণ্ড ও পীর-মাশায়েখ, আলেম-ওলামাদের উপর জুলুম নিপীড়ণের প্রতিবাদে ও বিশ্বনন্দিত মুফাস্সিরে কোরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তির দাবিতে আগামীকাল সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করা হবে।”

হরতালের কারণে বৃহস্পতিবারের এসএসসি পরীক্ষা পিছিয়ে দেয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী জানিয়েছেন, এদিনের নির্ধারিত পরীক্ষা আগামী ৮ মার্চ শুক্রবার নেয়া হবে।

বৃহস্পতিবার আটটি সাধারণ বোর্ডের অধীনে এসএসসিতে সাধারণ বিজ্ঞান ও সমাজিক বিজ্ঞান এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিলে সামাজিক বিজ্ঞান ও জীব বিজ্ঞান (তত্ত্বীয়) পরীক্ষা ছিল।

এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বৃহস্পতিবারের অনার্স দ্বিতীয় বর্ষ-২০১১ ও এমএসসি ইন কম্পিউটার সায়েন্স পরীক্ষা নেয়া হবে ১ মার্চ শুক্রবার সকাল সাড়ে ৮টায়।

একাত্তরে ধুন, ধর্ষণ লুটপাটের মতো মানবতাবিরোধী অপরাধের মামলার প্রথম রায়ে গত ২১ জানুয়ারি জামায়াতের সাবেক রুকন আবুল কালাম আযাদ ওরফে বাচ্চু রাজাকারের ফাঁসির আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ৫ ফেব্রুয়ারি দ্বিতীয় রায়ে কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ হয়।

একই ধরনের অভিযোগে জামায়াতের সাবেক আমীর গোলাম আযম, বর্তমান আমীর মতিউর রহমান নিজামীসহ আরো পাঁচ জনের বিচার চলছে ট্রাইব্যুনালে।

একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামী শুরু থেকেই এ বিচারের বিরোধিতা করে এলেও গত কিছুদিন ধরে দলটির নেতাকর্মীরা সারা দেশে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাংচুরসহ বিভিন্নভাবে সহিংসতায় জড়াচ্ছে।

অন্যদিকে কাদের মোল্লার রায় প্রত্যাখ্যান করে সব যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে ৫ ফেব্রুয়ারি থেকেই শাহবাগের গণজাগরণ মঞ্চের ডাকে সারা দেশে আন্দোলন চালিয়ে আসছে ছাত্র-জনতা। জামায়াতের রাজনীতি নিষিদ্ধেরও দাবি জানিয়ে আসছে এই আন্দোলনকারীরা।

তাদের দাবির প্রতি সংহতি জানিয়ে সরকার ইতোমধ্যে ট্রাইব্যুনাল আইন সংশোধন করেছে। এর ফলে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত কাদের মোল্লার সাজা বাড়াতে আপিল করার পাশাপাশি যুদ্ধাপরাধে সংশ্লিষ্টতার কারণে দল হিসাবে জামায়াতেরও বিচার করার পথ তৈরি হয়েছে। 

জামায়াতের হরতাল প্রত্যখ্যানের ঘোষণা দিয়ে বুধবার শাহবাগে নির্ঘুম রাত পার করেছে গণজাগরণ মঞ্চের আন্দোলনকারীরা। যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে এ আন্দোলনের চব্বিশতম দিনে জামায়াতের হরতাল প্রতিহতে সকালে শাহবাগ থেকে মিছিলের কর্মসূচিও দেয়া হয়েছে।

বুধবার মতিঝিলে সমাবেশ থেকে সাঈদীর রায়ের দিনের কর্মসূচি ঘোষণা করে মিছিলে সবাইকে অবস্থান নেয়ার আহ্বান জানান গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।

তিনি বলেন, “আমরা ট্রাইব্যুনালকে বলতে চাই আমরা আপনাদের ওপর কোনো ধরনের শক্তি বা চাপ প্রয়োগ করিনি। আপনারা নিরপেক্ষভাবে কাজ করে যান। জামায়াত-শিবিরের সন্ত্রাস নৈরাজ্যে ভয় পাবেন না।”

“আপনারা গণদাবিকে সমর্থন করুন। বিভ্রান্ত হবেন না, ভয় পাবেন না,” বলেন তিনি।

স্বাধীনতাবিরোধীদের নামে কোনো প্রতিষ্ঠান, রাস্তা কিংবা স্কুল-কলেজের নাম থাকলে তা ‘গুঁড়িয়ে’ দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান ইমরান। এছাড়া হরতাল প্রত্যাখ্যান করে সংসদ সদস্যদের গাড়িও রাজপথে নামানোর আহ্বান জানান আন্দোলনকারীরা।