২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় প্রজন্ম মঞ্চ ভাংচুর: আলমগীর গ্রেপ্তার

বগুড়ায় প্রজন্ম মঞ্চের ভাংচুর মামলার প্রধান আসামি জেলা জামায়াতের নায়েবে আমির আলমগীর হোসাইনসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2013, 04:07 PM

Updated : 23 Aug 2022, 10:16 AM

বুধবার বিকালে শহরের মালগ্রাম থেকে আলমগীর হোসাইনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আরেকজন হলেন শহরের ২১ নং ওয়ার্ড কাউন্সিলর এবং ওয়ার্ড জামায়াত আমির রুহুল কুদ্দুস ডিলু। তাকে গ্রেপ্তার করা হয় কলোনি এলাকা থেকে। 

এদিকে জামায়াত-শিবিরকর্মীরা পটকা ফাটিয়ে শহরে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করেছে বলে পুলিশ জানিয়ছে।

বগুড়া সদর থানার ওসি সৈয়দ শহিদ আলম বলেন, ২২ ফ্রেরুয়ারি শুক্রবার প্রজন্ম মঞ্চ ভাংচুরের ঘটনার মামলার প্রধান আসামি হলেন আলমগীর হোসাইন। 

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা আরো বলেন, বৃহস্পতিবার জামায়াতের ডাকা হরতাল এবং এ দুজনকে গ্রেপ্তারের ঘটনায় সন্ধ্যা ৭টায় গালাপট্টি ও কাঁঠালতলা এলাকায় পটকা ফাটিয়ে এবং ডাকবাংলো থেকে ঝটিকা মিছিল বের করে আতঙ্ক সৃষ্টি করেছে দলের নেতাকর্মীরা।

এ সময় প্রজন্ম মঞ্চসহ বই মেলায় হঠা আতঙ্ক দেখা গেলেও কিছুক্ষণ পরই সাধারণ মানুষ লাঠিসোটা নিয়ে তাদের প্রতিহত করতে তৈরি হয়ে যায়।

সেক্টর কমান্ডার্স ফোরাম বগুড়া জেলা সভাপতি ও প্রজন্ম মঞ্চ’র সম্বনয়ক মাসুদুর রহমান বলেন, নিউ মাকের্টের উপর থেকে কাঁঠাল তলা এবং গালাপট্টিতে পটকা ফাটানো হয়।

২২ ফেব্রুয়ারি (শুক্রবার) জুমার নামাজ শেষে কয়েকটি ইসলামী দলের ব্যানারে মিছিল থেকে শহরের সাতমাথায় ঢাকার গণজাগরণ মঞ্চের অনুসরণে গড়া প্রজন্ম মঞ্চে হামলা চালিয়ে ভাংচুর করা হয়। এ সময় পুলিশ বাধা দিলে তাদের উপরও হামলা চালায় মিছিলকারীরা ।