২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৮৪ জন ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল

জাতীয় নিরাপত্তা গোয়েন্দার (এনএসআই) তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ৮৪ জন ভুয়া মুক্তিযোদ্ধার সনদ ও গেজেট বাতিল করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2013, 02:09 PM

Updated : 23 Aug 2022, 10:16 AM

বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এবি তাজুল ইসলাম।

ফরিদুন্নাহার লাইলীর প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, মন্ত্রণালয়ে সংরক্ষিত গেজেটে প্রকাশিত ২ লাখ ৪ হাজার ৯২৯ মুক্তিযোদ্ধার তালিকা থেকে ভুয়া মুক্তিযোদ্ধা সনাক্ত করে তাদের সনদ ও গেজেট বাতিলের ব্যবস্থা নেয়া হচ্ছে।

“এ পর্যন্ত এনএসআইয়ের সরেজমিন তদন্ত প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী, ৮৪ জন ভুয়া মুক্তিযোদ্ধার সনদ ও গেজেট বাতিল করা হয়েছে।”

প্রতিমন্ত্রী আরো জানান, বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর গত ২৪ জানুয়ারি তারিখ পর্যন্ত জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সিদ্ধান্ত, বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও সরকারি কর্মকমিশন থেকে প্রাপ্ত তালিকা এবং হাইকোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে মোট ৮ হাজার ১৮৬ জন মুক্তিযোদ্ধাকে তালিকাভুক্ত করা হয়েছে।

নিলোফার চৌধুরী মনির প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, মন্ত্রণালয়ে ২৯৬৯ জন শহীদ মুক্তিযোদ্ধা ও ১৯৪৭ জন যুদ্ধাহত মুক্তিযোদ্ধার তালিকা (গেজেট) সংরক্ষিত রয়েছে।

বিকালে ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে অধিবেশন শুরুর পর প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়। বুধবারের এসব প্রশ্নোত্তর গত ২৯ জানুয়ারির জন্য নির্ধারিত ছিল।