পিলখানায় নিহত সেনা কর্মকর্তাদের পরিবারকে প্রধানমন্ত্রীর চেক হস্তান্তর
২০০৯ সালে পিলখানায় বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের পরিবারবর্গের কাছে অনুদানের টাকার চেক হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে বুধবার দুপুরে এক অনুষ্ঠানে নিহত অফিসারদের স্ত্রী, সন্তান বা আত্মীয়-স্বজনরা এই চেক গ্রহণ করেন।
প্রতিটি পরিবার ৪ লাখ ৮০ হাজার টাকার চেক গ্রহণ করেন।
প্রতি মাসে প্রত্যেক পরিবারকে ৪০ হাজার টাকা দেয়ার প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) এই অর্থ সহায়তা দিয়েছে।
২৬টি ব্যাংকের এই অ্যাসোসিয়েশন ২০০৯ সাল থেকে ওই পরিবারগুলোকে এ অর্থ প্রদানের প্রতিশ্রুতি দেয়।
পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই সব পরিবারের সদস্যদের আপ্যায়ন করেন। এ সময় তিনি তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী, সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভুইয়া ও বিএবি সভাপতি নজরুল ইসলাম মজুমদার এবং বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকরা উপস্থিত ছিলেন।
২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি পিলখানার বিডিআর সদরদপ্তরে বিডিআর বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তা নিহত হন।
