রংপুরের আদালতে তলব কাদের সিদ্দিকীকে
একটি মানহানির মামলায় বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি কাদের সিদ্দিকীকে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে রংপুরের একটি আদালত।
বুধবার রংপুরের মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলাটি দায়ের করেন মহানগর আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক আলী আখতার জাহাঙ্গীর হোসেন তুহিন।
বিচারক মনসুর আলম অভিযোগ আমলে নিয়ে আগামী ২১ মার্চ কাদের সিদ্দিকীকে সশরীরে আদালতে হাজিরের নির্দেশ দেন।
মামলার বাদী আলী আখতার জাহাঙ্গীর হোসেন তুহিন অভিযোগ করেন, বঙ্গবীর কাদের সিদ্দিকী ১৯ ফেব্রুয়ারি দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় এক উপ সম্পাদকীয়তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, সংসদ সদস্য এইচএন আশিকুর রহমানসহ স্বাধীনতার স্বপক্ষের বিশিষ্টজনের বিরুদ্ধে এবং গণজাগরণ মঞ্চের আন্দোলনকারীদের সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করে তাদের মানহানি করেছেন।
তার এ ধরনের উস্কানিমূলক মন্তব্য জাতিকে শুধু বিভ্রান্তির মধ্যেই ফেলেনি, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিতে সহায়তা করেছে বলেও অভিযোগ করা হয়।
