২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাসসের ব্যয় আয়ের ১০ গুণ

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু জানিয়েছেন, গত অর্থবছরে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ সংবাদ সংস্থা দেড় কোটি টাকা আয়ের বিপরীতে ব্যয় করেছে প্রায় ১৪ কোটি টাকা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2013, 03:22 PM

Updated : 23 Aug 2022, 10:12 AM

বৃহস্পতিবার জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এ এন মাহফুজা খাতুন বেবী মওদুদের লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান মন্ত্রী।

ইনু বলেন,  বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) ২০১১-১২ অর্থবছরে সরকারি সাহায্য মঞ্জুরি খাত থেকে ১২ কোটি ৫১ লাখ ১৪ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।  আর বাসস ওই অর্থবছরে ১ কোটি ৪০ লাখ ১৪ হাজার টাকা আয় করেছে।

“বাসস ২০১১-১২ অর্থবছরে সরকারি সাহায্য মঞ্জুরি এবং নিজস্ব আয়সহ মোট ১৩ কোটি ৯১লাখ ২৯ হাজার টাকা ব্যয় করেছে।”

এ সাংসদের আরেক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান, বিদ্যমান বিধিবিধান অনুযায়ী তথ্য মন্ত্রণালয় থেকে দেশে প্রকাশিত সাপ্তাহিক ও দৈনিক পত্রিকাগুলিকে বিজ্ঞাপণ দেয়া হয় না। শুধুমাত্র বিভিন্ন জাতীয় দিবসে সরকারি ব্যয়ে বিভিন্ন সাপ্তাহিক ও দৈনিক পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশ করা হয় এবং এটা থেকে পত্রিকাগুলি সরকারকে শতকরা দুই ভাগ হারে সারচার্জ প্রদান করে থাকে।

তিনি বলেন, “এ সারচার্জ বাবদ ২০০৯-১০ অর্থবছরে ৭ লাখ ৯৪ হাজার, ২০১০-১১ অর্থবছরে ১২লাখ ৩৪ হাজার এবং ২০১১-১২ অর্থবছরে ১১ লাখ ৫৪ হাজার টাকা আয় হয়েছে। কর দেওয়ার বিষয়টি জাতীয় রাজস্ব বোর্ড নিশ্চিত করে থাকে।”

তথ্যমন্ত্রণালয়ের চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর শুধুমাত্র পত্রিকাগুলোর নিয়মিত প্রচার ও প্রচারসংখ্যা নিরূপণের জন্য নিরীক্ষা করে থাকে বলেও জানান মন্ত্রী।

বিকালে ডেপুটি স্পিকার শওকত আলীর সবাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয় এবং প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।