২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যারিস্টার রাজ্জাকের কার্যালয়ে ‘পুলিশ’

যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে জামায়াত নেতাদের প্রধান কৌঁসুলি ব্যারিস্টার আব্দুর রাজ্জাক অভিযোগ করেছেন, তার কার্যালয়ে তল্লাশি চালাতে চেয়েছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2013, 12:25 PM

Updated : 23 Aug 2022, 10:10 AM

রাজধানীর নয়া পল্টনে ‘সিটি হার্টের’ পঞ্চদশ তলায় রাজ্জাকের কার্যালয়, সেখানে শনিবার বিকাল ৫টায় পুলিশের একটি দল যায় বলে ব্যারিস্টার রাজ্জাক জানিয়েছেন।

Image
ট্রাইব্যুনালে জামায়াত নেতাদের প্রধান আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক।

ট্রাইব্যুনালে জামায়াত নেতাদের প্রধান আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুলিশের একটি দল এসে তল্লাশি করতে চেয়েছিল।

“কিন্তু তাদের জানানো হয়, ওয়ারেন্ট ছাড়া কোনো তল্লাশি চালানো যাবে না। পাশাপাশি ট্রাইব্যুনালে আসামি পক্ষের আইনজীবীদের কাজে কোনো ধরনের ব্যাঘাত না ঘটানোর আদালতের আদেশের কথাও তাদের বলা হয়।”

“তারপর তারা আমাদের সম্মান দেখিয়ে চলে যায়,” বলেন জামায়াতে ইসলামীর এই সহকারী সেক্রেটারি জেনারেল।

ব্যারিস্টার রাজ্জাকের সহকর্মীরা জানান, যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে জামায়াত নেতাদের আইনজীবীরা প্রতি সপ্তাহের কার্যদিবস শুরুর আগের দিন নিয়মিতভাবেই বৈঠক করেন। শনিবারও এমনই এক বৈঠক চলছিল।

এই অভিযানের বিষয়ে পল্টন থানায় যোগাযোগ করা হলে থানার ওসি গোলাম সারোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, থানা পুলিশের কেউ ব্যারিস্টার রাজ্জাকের কার্যালয়ে যায়নি।