২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইবিতে শিক্ষকদের উপর ‘ছাত্রলীগের’ হামলা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষকদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অন্তত ২৫ শিক্ষক আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2013, 05:07 PM

Updated : 23 Aug 2022, 10:02 AM

অবশ্য ছাত্রলীগ জড়িত থাকার কথা অস্বীকার করেছে। অন্যদিকে রোববার থেকে কাজে যোগ দেয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা।

বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে ১২৬ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগে অনিয়ম, দুর্র্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগে উপাচার্য অধ্যাপক ড. এম আলাউদ্দিন, উপ-উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মুহাম্মদ শাহজাহান আলীর পদত্যাগের দাবিতে গত বছরের ৭ সেপ্টম্বর আন্দোলন শুরু করে ছাত্রলীগ। এরপর একই দাবিতে ৯ নভেম্বর থেকে শিক্ষকরাও আন্দোলনে নামে।

আন্দোলনের এক পর্যায়ে গত ২৭ ডিসেম্বর উপাচার্যকে অব্যাহতি দিয়ে অধ্যাপক ড. আবদুল হাকিম সরকারকে উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়। সেইসঙ্গে উপ-উপাচার্যকেও অব্যাহতি দেয়া হয়।

তবে দাবি পূরণের আগে আন্দোলন স্থগিত না করার বিষয়ে অনড় থাকে শিক্ষকরা।

এদিকে ক্লাস-পরীক্ষা চালুর দাবিতে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে সচেতন শিক্ষার্থীদের ব্যানারে শিক্ষার্থীরা গণঅনশন শুরু করে। বেলা ১১টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের একাংশ অবরোধ করে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক।

বেলা সোয়া ৩টায় তারা অবরোধ তুলে নিলেও এর মধ্যেই প্রধান ফটকের দুই পাশে সহস্রাধিক গাড়ি আটকা পড়ে। ফলে সৃষ্টি হয় দীর্ঘ যানজট।

সড়ক অবরোধ চলাকালেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির ব্যানারে আন্দোলরত প্রায় ৪০ জন শিক্ষক মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভেতর শিক্ষক লাউঞ্জে অবস্থান করছিলেন।

বেলা পৌনে ৩টার দিকে কিছু বহিরাগতসহ একদল ছাত্র লাঠিসোটা নিয়ে অনুষদ ভবনে গিয়ে সেখানে অবস্থানরত শিক্ষকদের লাঠিপেটা করে।এ সময় তারা দোতলায় ইংরেজি বিভাগে ভাঙচুর করে এবং পানির সরবরাহ লাইন কেটে দেয়।

শিক্ষকরা অভিযোগ করেছেন, হামলাকারীদের মধ্যে ছাত্রলীগের নেতাদের দেখা গেছে। এদের মধ্যে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি মো. লেলিন, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান টিটু, মো. কাসেম, সাংগঠনিক সম্পাদক মো. সজিব, প্রচার সম্পাদক মো. সুমন, ছাত্রলীগকর্মী রানু, ইলিয়াস, রাসেলকে তারা সনাক্ত করতে পেরেছেন।

আহত শিক্ষকরা হলেন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যপক নজিবুল হক, এয়াকুব আলী, ইকবাল হোসাইন, মো. লোকমান, রহমান হাবিব, জাহাঙ্গীর হোসাইন, মাহবুবুর রহমান, মাহবুবর রহমান, মো. আশরাফ, রুহুল আমিন ভূইয়া, নাসিরুদ্দিন মিঝি, আহসান উল আম্বিয়া, আব্দুল লতিফ, মোতালেব হোসেন, গোলাম মাওলা, রাকিব হোসাইন, হোসাইন মো. ফারুকী, বাকিবিল্লাহ বিকুল, মোস্তাফিজুর রহমান ও অধ্যাপক তারেক আল মামুন।

হামলার সময় অনুষদের বাইরে পুলিশ থাকলেও তারা নীরব ভূমিকা পালন করেছে বলে শিক্ষকরা অভিযোগ করেছেন। এছাড়া কুষ্টিয়ার পুলিশ সুপারও বিশ্ববিদ্যালয়ের ভেতর প্রশাসন ভবনে উপস্থিত ছিলেন।

কুষ্টিয়ার পুলিশ সুপার মফিজউদ্দিন বলেন, “বড় কোনো দাবি আদায় করতে হলে এ ধরনের ছোটখাট ঘটনা ঘটতেই পারে।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ এইচ এম আক্তারুল ইসলাম বলেন, “কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সে ব্যাপারে আমি সর্বাত্মকভাবে চেষ্টা করেছি। তবে শিক্ষকদের উপর হামলার ঘটনা দুঃখজনক।”

হামলায় ছাত্রলীগ নেতাকর্মীরা জড়িত বলে শিক্ষকরা অভিযোগ করলেও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামসুজ্জামান তুহিন তা অস্বীকার করেছেন।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি জাহাঙ্গীর হোসাইন বলেন, “সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের ফলেই ক্লাস-পরীক্ষা চালু হচ্ছে। সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীরাও অংশ নিয়েছে।”

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক আন্দোলনকারী শিক্ষার্থী বলেন, ক্লাস-পরীক্ষার দাবিতে তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছেন।কাউকে মারধর করার প্রশ্নই আসে না।  

বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর হোসেন বলেন, “শিক্ষকদের উপর ছাত্রলীগের ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। বর্তমান উপাচার্য দুর্নীতিবাজ প্রক্টর এবং ছাত্র উপদেষ্টার নির্দেশে ছাত্রলীগকে লেলিয়ে দিয়ে এ হামলা চালিয়েছেন। আমরা সুষ্ঠু বিচারের মাধ্যমে হামলাকারীদের শাস্তি এবং প্রক্টর ও ছাত্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছি।”

পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নজিবুল হক রোববার থেকে ক্লাস-পরীক্ষা চালু হওয়ার ঘোষণা দেন এবং তাদের চলমান আন্দোলন স্থগিত ঘোষণা করেন।

তিনি বলেন, “শিক্ষার্থীদের কথা বিবেচনা করে আমরা ক্লাসে ফিরে যাচ্ছি। তবে প্রশাসনের কাছে আমাদের দেয়া পূর্বের দাবিগুলো বহাল থাকবে।”

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক আব্দুল হাকিম সরকার বলেন, “ঘটনাটি অনাকাঙ্খিত ও দুঃখজনক। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।