চট্টগ্রাম, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হালদা নদী দূষণের অপরাধে চট্টগ্রামে একটি ডাইং কারখানাকে ৩০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
বুধবার অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী নগরীর কুলগাঁওয়ে এম এ রহমান ডাইং লিমিটেডকে ৩০ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করেন।
মুনীর চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ৪ নভেম্বর নগরীর জালালাবাদের কুলগাঁও এলাকায় সাদ মুছা গ্রুপের মালিকানাধীন এ কারখানাটি পরিদর্শন করে তরল বর্জ্য পরিশোধনাগারের (ইটিপি) মারাত্মক ত্র“টি পাওয়া যায়।
এরপর কারখানার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোহসিনকে বুধবার ঢাকায় পরিবেশ অধিদপ্তর কার্যালয়ে ডেকে জরিমানা করা হয়। অধিদপ্তরে শুনানির সময় তিনি ইটিপিতে ত্র“টি এবং বর্জ্যে দূষণের কথা স্বীকার করেন।
কারখানাটি থেকে সংগৃহীত তরল বর্জ্যে পিএইচ ১১ দশমিক ৪ মিলিগ্রাম পাওয়া গেছে জানিয়ে মুনীর চৌধুরী বলেন, আদর্শ মান হওয়া উচিত ৬ দশমিক ৫ থেকে ৮ দশমিক ৫ মিলিগ্রাম।
“কারখানাটি থেকে তরল বর্জ্য প্রবাহিত হয়ে হালদা নদী দূষণ করছে। যা নদীর পরিবেশ ও প্রতিবেশের মারাত্মক ক্ষতি করছে”, যোগ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/১৭৪৫ ঘ.
bdnews24