বাগেরহাট, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝড়ের কবলে পড়ে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ডুবে যাওয়া একটি জাহাজের ১৮ ভিয়েতনামী নাবিককে উদ্ধার করা হয়েছে।
শ্রীলংকার কাছে গভীর সমুদ্রে ভাসতে থাকা ভিয়েতনামের এই নাবিকদের অন্য একটি জাহাজ উদ্ধার করে শনিবার সন্ধ্যায় মংলা বন্দরে নিয়ে আসে। রোববার তাদেরকে ঢাকায় ভিয়েতনাম দূতাবাসে পাঠানো হয় বলে জানান মংলা কর্তৃপক্ষ।
নাবিকরা জানায়, গত ৩০ অক্টোবর সকালে ঝড়ের কবলে পড়ে ভিয়েতনামের পতাকাবাহী ‘এমভি সায়গন কুইন’ জাহাজটি ডুবে যায়। ১২ ঘণ্টা সমুদ্রে ভেসে থাকার পর তাদের উদ্ধার করে সাইপ্রাসের পতাকাবাহী জাহাজ ‘এমভি প্যাসিফিক স্কিপার’। জাহাজের ক্যাপ্টেন ও প্রধান প্রকৌশলীসহ চারজন নাবিক নিখোঁজ রয়েছেন বলে জানান নাবকিরা।
ডুবে যাওয়া ভিয়েতনামী জাহাজটি মিয়ানমারের রেঙ্গুন বন্দর থেকে কাঠ নিয়ে ভারতে যাচ্ছিল। ঝড়ের কবলে পড়ে তারা মেরিটাইম রেসকিউ কো-অর্ডিনেট সেন্টারে সংকেত পাঠায়। এ সময় একই সমুদ্রপথ দিয়ে সৌদি আরব থেকে সার নিয়ে সাইপ্রাসের জাহাজ এমভি প্যাসিফিক স্কিপার মংলা বন্দরে আসছিল। তাদেরকে এ দুর্ঘটনার কথা জানানো হয় বলে জানান মংলা বন্দর ইমিগ্রেশন থানার ওসি আব্দুল হালিম।
তিনি জানান, নাবিকরা লাইফ জেকেটের মাধ্যমে সমুদ্রে ১২ ঘণ্টা ভেসে ছিল, পরে তাদের উদ্ধার করে শনিবার মংলা বন্দরে নিয়ে আসা হয়। রাতে প্রশাসন ও বন্দর কর্তৃপক্ষের উপস্থিতিতে সাইপ্রাসের জাহাজটির স্থানীয় এজেন্ট এস এস শিপিং অ্যান্ড চার্টারিং লিমিটেডের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়।
এস এস শিপিং অ্যান্ড চার্টারিং লিমিটেডের ব্যবস্থাপক মো. একরামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নাবিকরা সুস্থ আছেন। রোববার রাতের ট্রেনে তাদেরকে খুলনা থেকে ঢাকায় পাঠিয়ে দেয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২২১৫ ঘ.
bdnews24