২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনীলের কফিনে শেখ হাসিনার ফুল

শেষকৃত্যের আগে সমকালীন বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় লেখক ও কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছে পশ্চিমবঙ্গের সর্বস্তরের মানুষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2012, 11:55 AM

Updated : 24 Aug 2022, 12:23 PM

ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেষকৃত্যের আগে সমকালীন বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় লেখক ও কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছে পশ্চিমবঙ্গের সর্বস্তরের মানুষ। বৃহস্পতিবার সকালে শব সংরক্ষণাগার পিস হেভেন সুনীলের কফিন নিয়ে যাওয়া হয় তার দীর্ঘদিনের কর্মস্থল আনন্দবাজার পত্রিকার কার্যালয়ে। সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় রবীন্দ্রসদনে। পশ্চিমবঙ্গের শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের কর্মীরা ছাড়াও হাজারো ভক্ত পাঠক তাদের প্রিয় সাহিত্যিকের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে রীবন্দ্র সদনে জড়ো হন। সেখানেই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার আবিদা ইসলাম এই কথাশিল্পীর কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (মিডিয়া) মাহাবুবুল হক শাকিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেন। শ্রদ্ধা নিবেদন পর্ব শেষে সুনীল গঙ্গোপাধ্যায়ের মরদেহ নিয়ে যাওয়া হয় দক্ষিণ কলকাতার কেওড়াতলা মহাশ্মশানে। পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী সেখানেই হয় তার শেষকৃত্য। সোমবার রাত ২টায় কলকাতায় নিজের বাড়িতে মারা যান ৭৮ বছর বয়সী এই সাহিত্যিক। দীর্ঘদিন ধরেই তিনি বিভিন্ন রোগে ভুগছিলেন। একাধারে কবি, ঔপন্যাসিক, ছোটগল্পকার, সাংবাদিক ও কলাম লেখক সুনীলের জন্ম ১৯৩৪ সালের ৭ সেপ্টেম্বর, বাংলাদেশের মাদারিপুরে। পরিবারের সঙ্গে কলকাতা চলে যান মাত্র চার বছর বয়সেই। তবে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতে এবং ব্যক্তিগত সফরে বেশ কয়েকবারই বাংলাদেশে এসেছেন তিনি। বাংলাদেশের মুক্তিযুদ্ধও গভীরভাবে নাড়া দিয়েছিল তরুণ সুনীলকে। ১৯৭১ সালের সেই দিনগুলোয় বিভিন্ন শরণার্থী শিবির ঘুরে তিনি কলম চালিয়েছেন জন্মস্থানের মানুষের পক্ষে। মৃত্যুর পর সুনীলের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিল, কবির ইচ্ছানুযায়ী তার মরদেহ কলকাতার মেডিকেল কলেজে দান করা হবে। কিন্তু তার একমাত্র ছেলে সৌভিক গঙ্গোপাধ্যায় যুক্তরাষ্ট্র থেকে কলকাতায় ফেরার পর সিদ্ধান্তে পরিবর্তন আনা হয়। বৃহস্পতিবার সকালে বাবার মরদেহ নিতে পিস হেভেনে উপস্থিত হন সৌভিক। পশ্চিমবঙ্গের কয়েকজন লেখক ও কবি এ সময় তার সঙ্গে ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/১৩৫০ ঘ.