ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশি কিশোরী ফেলানি হত্যার তদন্ত এখনো শেষ করা যায়নি বলে ভারতের সীমান্ত রক্ষা বাহিনী (বিএসএফ) জানিয়েছে।
ফেলানী হত্যার প্রায় দুই বছর পর শনিবার ঢাকায় সীমান্ত সম্মেলন শেষে সংবাদ সম্মেলনে একথা জানান বিএসএফের মহাপরিচালক ইউ কে বানসাল।
২০১১ সালের ৭ জানুয়ারি বাবার সঙ্গে ভারত থেকে ফেরার সময় কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হয় ফেলানি। কাঁটাতারের বেড়ায় আটকে থাকা ফেলানির লাশ তখন ব্যাপক আলোচনার সৃষ্টি করে।
মানবাধিকার সংগঠনগুলোর প্রবল চাপের মধ্যে ওই ঘটনার তদন্ত শুরু করে বিএসএফ।
ইউ কে বানসাল বলেন, “এই বিষয়ে এখনো সাক্ষ্য নেয়া হচ্ছে এবং খুব শিগগিরই চূড়ান্ত পদক্ষেপ নেয়া হবে।”
এ বছরের অগাস্ট পর্যন্ত সীমান্ত ছয়জন বাংলাদেশি হতাহতের ঘটনা হয়েছে। তবে এর কোনোটিতেই বিএসএফের সদস্যদের দোষ খুঁজে পাওয়া যায়নি বলে জানান বাহিনী প্রধান।
ইউ কে বানসাল বলেন, “উদ্দেশ্যমূলকভাবে যে কোনো ভুলের তদন্তও করা হয়ে থাকে। ,,, তবে আত্মরক্ষার অধিকার সবার রয়েছে। আত্মরক্ষার জন্য হামলা করা হয়েছে প্রমাণিত হলে আমরা সৈন্যদের কোনো শাস্তি দিই না।”
পিলখানায় বিজিবি সদরদপ্তরে অনুষ্ঠিত বানসাল আরো বলেন, “তদন্তে যদি বেরিয়ে আসে অহেতুক ও অপ্রয়োজনে গুলি চালানো হয়েছে, তখনই কেবল শাস্তি দেয়া হয়। তবে এ বছর এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।”
গত দুই/তিন বছরে এ ধরনের কয়টি তদন্ত হয়েছে- সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে বিএসএফ মহাপরিচালক জানান, এই পরিসংখ্যান তার জানা নেই।
তবে গত দেড় বছরে সীমান্তে তিনশ’ ভারতীয় সেনা গুরুতর আহত হয়েছে এবং এর মধ্যে দুজনের মৃত্যু হয়েছে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক আনোয়ার হোসেন বলেন, সীমান্ত হত্যাকাণ্ড দুই দেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলছে।
“সীমান্তে এই ধরনের হত্যাকাণ্ড কাম্য নয়। কেননা এ ধরনের ঘটনা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ম্লান করে দেয়।”
পারস্পরিক সহযোগিতা
সম্মেলনে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সমন্বিত টহল, মাদক ও মানব পাচারসহ অপরাধী ও চরমপন্থীদের তৎপরতা দমনের বিষয়ে আলোচনা হয়।
ভারতে অবস্থানরত বাংলাদেশি সন্ত্রাসী ও চরমপন্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্যই বিএসএফকে অনুরোধ জানায় বিজিবি।
এ বিষয়ে বাংলাদেশ ভারতীয় বাহিনীর কাছে একটি তালিকাও দেয়া হয়েছে বলে জানান বিজিবি মহাপরিচালক।
ভারতবিরোধীরা বাংলাদেশে কাজ করছে বলে নয়াদিল্লির অভিযোগ সম্পর্কে জানতে চাইলে জবাবে আনোয়ার হোসেন বলেন, “গত ছয়/সাত মাস ধরে বিএসএফের কাছ থেকে এ ধরনের তথ্য পাচ্ছি। সে অনুযায়ী আমরা অভিযানও চালিয়েছি। কিন্তু কিছু খুঁজে পাইনি।”
বিজিবি মহাপরিচালক আরো জানান, সম্মেলনে সমন্বিত টহলবৃদ্ধিসহ অবৈধভাবে সীমান্ত পারাপারকারী কাউকে অন্য দেশে ঠেলে না দেয়ার বিষয়ে সম্মত হয়েছে দুই দেশের সীমান্ত রক্ষা বাহিনী।
সেই সঙ্গে তিনি আরো বলেন, “ভারতের ১৮টি ফেনসিডিল উৎপাদন কেন্দ্র সম্পর্কে একটি তালিকা দেয়া হয়েছে বিএসএফকে এবং এ বিষয়ে পদক্ষেপ নেয়ারও আহ্বান জানানো হয়েছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এমডি/এমআই/১৭০৫ ঘ.
bdnews24