২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

থমথমে রাঙামাটিতে সতর্ক আইন-শৃঙ্খলা বাহিনী

পাহাড়ি-বাঙালি সংঘাতের পর বিপুল পরিমাণ পুলিশ সদস্য মোতায়েনের পাশাপাশি টহলে রয়েছে বিজিবি ও সেনা সদস্যরাও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2012, 06:25 PM

Updated : 24 Aug 2022, 12:11 PM

রাঙামাটি. সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাহাড়ি-বাঙালি সংঘাতের পর থমথমে রাঙামাটিতে আইন-শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে। শনিবার কলেজে সংঘাতের পর ১৪৪ ধারা জারির পাশাপাশি শহরে বিপুল পরিমাণ পুলিশ সদস্য মোতায়েন করা হয়। টহলে রয়েছে বিজিবি ও সেনা সদস্যরাও। রাঙামাটির পুলিশ সুপার মাসুদ উল হাসান রোববার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যে কোনো জায়গায় হামলার সম্ভাবনা দেখা দিলে তা প্রতিহত করতে প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।” পরিস্থিতি মোকাবেলায় পুলিশ, বিজিবি ও সেনা বাহিনীর সদস্যরা মাঠে রয়েছেন বলে জানান তিনি। শনিবার সংঘাতের পর থেকে বন্ধ রয়েছে দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান ও যান চলাচল। ফলে থমথমে অবস্থা চলছে শহরে। শনিবার সকালে রাঙামাটি সরকারি কলেজে পাহাড়ি-বাঙালি সংঘর্ষ শুরু হলে এক পর্যায়ে তা বনরূপা ও কালিন্দিপুরসহ শহরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। এ ঘটনায় কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। সংঘর্ষে আহত হন অন্তত ৫০ জন। তাদের মধ্যে দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং ২৮ জনকে মিলিটারি হাসপাতাল এবং বাকিদের রাঙামাটি জেনারেল হাসপাতাল ভর্তি করা হয়। এরপর আইনশৃঙ্খলা কমিটির এক জরুরি সভায় শহরে মিছিল ও সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়। বিডিনিউজি টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এমআই/০০২০ ঘ.