বরিশাল, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নৈশ প্রহরীকে অজ্ঞান করে শনিবার রাতে জনতা ব্যাংকের বরিশাল নগরীর নতুনবাজার শাখায় চোর ঢুকেছে।
চোরেরা ওই শাখার এক কর্মকর্তার আট ভরি স্বর্ণালংকার নিয়ে গেলেও ব্যাংকের কোনো সম্পদ নিতে পারেনি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
প্রহরী মো. শাখাওয়াত হোসেনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা রয়েছে।
ব্যাংকের ব্যবস্থাপক তারিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নতুন বাজারে ‘নূর মহল’ ভবনের দ্বিতীয় তলায় জনতা ব্যাংকের কার্যালয়।
ওই ববনের চারতলায় রয়েছে একটি বেসরকারি সংস্থার কার্যালয়। অফিসটির হাবিবুর রহমান ও মিজানুর রহমান ব্যাংকের প্রহরী শাখাওয়াতের সঙ্গে সখ্যতা গড়ে তোলে।
প্রহরী শাখাওয়াতের বরাত দিয়ে তিনি বলেন, শনিবার তারা শাখাওয়াতকে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে অজ্ঞান করে চাবি নিয়ে ব্যাংকে ঢোকে।
এরপর ব্যাংকের দু’টি আলমারি এবং পাঁচটি ড্রয়ার ভেঙে কাগজপত্র তছনছ করে। ক্যাশ কাউন্টারে রাখা ক্যাশিয়ার নিলুফা বেগমের ব্যক্তিগত আট ভরি স্বর্ণালংকার নিয়ে যায়।
আইনগত ব্যবস্থার বিষয়ে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশের অপেক্ষা করছেন বলে জানান।
কোতোয়ালি মডেল থানার ওসি শাহিদুজ্জামান বলেন, ভাড়াটিয়া বেশে চুরি করেছে। চোরদের আটকের চেষ্টা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৫৪৫ ঘ.
bdnews24