২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে রবি ও সোমবার হরতাল

পুলিশের সঙ্গে সংঘর্ষের পর নরসিংদীতে রবি ও সোমবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে নিহত পৌর মেয়র লোকমানের অনুসারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2012, 11:46 AM

Updated : 24 Aug 2022, 12:10 PM

নরসিংদী, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর জেলায় রবি ও সোমবার সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি ঘোষণা করেছে নিহত পৌর মেয়র লোকমান হোসেনের সমর্থকরা। সংঘর্ষে বর্তমান পৌর মেয়রসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছে, নরসিংদী পৌর মেয়র কামরুজ্জামান, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি বেনজির আহমেদ বেনু, দৈনিক করতোয়ার বিশ্বনাথ পাল, চ্যানেল ২৪ এর সংবাদদাতা সঞ্জীব দাস, একুশে টিভির মাখন দাস, দৈনিক নতুন সংবাদের জসিম উদ্দিন, স্থানীয় ঠিকাদার নাজিম উদ্দিন, নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক নূর এ আলম। তাদের নরসিংদী জেলা হাসপাতাল ও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। লোকমান হোসেন হত্যা মামলার এজাহারে মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর ভাইকে আসামি করা হলেও অভিযোগপত্র থেকে পুলিশ তার নাম বাদ দেয়। এ ঘটনায় মন্ত্রী রাজুকে নরসিংদীতে অবাঞ্চিত ঘোষণা করে লোকমানের অনুসারীরা। লোকমান সংগ্রাম পরিষদের আহবায়ক মোহাম্মদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশের হামলার প্রতিবাদে নরসিংদীতে রোববার ও সোমবার সকাল-সন্ধ্যা হরতাল ডাকা হয়েছে। লোকমান হত্যাকারীদের প্রশ্রয়দাতা রাজি উদ্দিন আহমেদ রাজুকে নরসিংদীর মাটিতে পা রাখতে দেয়া হবে না। লোকমানের ভাই, বর্তমান পৌর মেয়র কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার বিকালে রায়পুরার সেরাজনগর উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় মন্ত্রী রাজুর বক্তব্য দেয়ার কথা রয়েছে। এ ছাড়া একইদিন সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের ভবন উদ্বোধন এবং সার্কিট হাউসে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়েরও কর্মসূচি রয়েছে। “রাজুর কর্মসূচি প্রতিহত করতে ‘মেয়র লোকমান সংগ্রাম পরিষদ’ শুক্রবার বিকালে নরসিংদী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। কিন্তু বিকালে পুলিশ শহরের শাপলা চত্বরে পরিষদের সমর্থকদের ওপর হামলা চালায়।” এ সময় পুলিশ লাঠিপেটা করে, টিয়ার গ্যাস সেল, রাবার বুলেট ও ফাঁকা গুলি ছোড়ে বলে অভিযোগ করেন তিনি। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত হালাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা-কলকাতা চলাচলকারী মৈত্রীসহ দুইট বাসে আগুন দিয়েছে জনতা। দমকলকর্মীরা আগুন নিভিয়েছে। পরে সড়ক থেকে মৈত্রী বাসটি সরানোর পর যান চলাচল স্বাভাবিক হয়। মহাসড়ক থেকে পুড়ে যাওয়া বাস অপসারণের পর রাত সোয়া ৮টার দিকে যান চলাচল শুরু হয়েছে। এদিকে ত্রিপুরার পরিবহনমন্ত্রী মানিক দে’র বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আগরতলা প্রতিনিধি জানান, মৈত্রীর চালক অরুণ ভৌমিক সামান্য আহত হলেও বাসের যাত্রীদের সবাই অক্ষত রয়েছেন। এদিকে পুলিশের পিটুনিতে পাঁচ সাংবাদিক আহত হওয়ার প্রতিবাদে স্থানীয় সাংবাদিকরা নরসিংদী প্রেসক্লাব থেকে একটি মিছিল নিয়ে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেছেন। এ সময় তারা জেলা পুলিশ সুপার খ. মহিদ উদ্দিনের অপসারণ দাবি করে বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৫৫ ঘ.