২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় নিহত চেয়ারম্যানের দেহরক্ষীর লাশ উদ্ধার

কুষ্টিয়ার কুমারখালির পদ্মায় সন্ত্রাসীদের হাতে নিহত ইউপি চেয়ারম্যানের দেহরক্ষীর লাশ উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2012, 01:01 PM

Updated : 24 Aug 2022, 12:01 PM

কুষ্টিয়া, ৩০ অগাস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ার কুমারখালির পদ্মায় সন্ত্রাসীদের হাতে নিহত ইউপি চেয়ারম্যানের দেহরক্ষীর লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পাবনা সদরের কাথুলিয়ার চর এলাকা থেকে দেহরক্ষী আনসার আলীর (৪৪) লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। আনসার খোকসা উপজেলার আমবাড়িয়া গ্রামের বাসিন্দা। তবে এখনো ইউপি চেয়ারম্যান নুরুল ইসলামের লাশ পাওয়া যায়নি। মঙ্গলবার কুমারখালীর পদ্মা নদীতে ট্রলারের মধ্যে খোকসা উপজেলার আমবাড়িয়া ইউপি চেয়ারম্যান নুরুল ইসলামসহ তিন জনকে গুলি ও জবাই করে হত্যা করে সন্ত্রাসীরা। হত্যার পর নুরুল ইসলাম ও তার দেহরক্ষী আনসার আলীর লাশ নদীতে ভাসিয়ে দেওয়া হয়। ট্রলারে পড়ে ছিল অপর সঙ্গী ভুট্টোর লাশ। এ ঘটনায় ইউপি চেয়ারম্যানের স্ত্রী কুমারখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ লাশ উদ্ধারের জন্য অভিযান চালাচ্ছে। উদ্ধার অভিযানে অংশ নেওয়া খোকসা থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে জেলেরা নদীতে মাছ ধরার সময় সাদা শার্ট ও কালো প্যান্ট পরা এক ব্যক্তির লাশ ভেসে উঠতে দেখে পদ্মায়। পরে তারা পুলিশকে খবর দেয়। “আনসার আলীর লাশটি সনাক্ত করেছেন তার ভাই আলতাফ হোসেন। লাশ ময়না তদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।” ইউপি চেয়ারম্যানের লাশ উদ্ধারের জন্য কুষ্টিয়ার খোকসা, পাংশা এবং পাবনা সদর থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান এসআই। বৃহস্পতিবার খুলনা রেঞ্জ পুলিশের ডিআইজি মেজবাহ উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/১৯০১ ঘ.