২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিমনদের ওপর হামলার ঘটনায় জিডি

র‌্যাবের ‘সোর্স’ ইব্রাহিমের শ্যালকের মৃত্যুর ঘটনায় লিমনের ভাই ও স্বজনদের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ এলেও পুলিশ তা গ্রহণ করেছে অপমৃত্যু মামলা হিসেবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2012, 02:30 PM

Updated : 24 Aug 2022, 11:58 AM

বরিশাল/ঝালকাঠী, অগাস্ট ২১ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের দিন বিকালে ঝালকাঠির কলেজছাত্র লিমন ও তার মায়ের ওপর র‌্যাবের এক ‘সোর্সের’ হামলার ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে। লিমনের মা হেনোয়ারা বেগম মঙ্গলবার সকালে রাজাপুর থানায় এ ডায়েরি করেন বলে জানান থানার ওসি তোফাজ্জেল হোসেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জিডিতে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগ আনা হয়েছে। র‌্যাবের সোর্স হিসেবে পরিচিত মো. ইব্রাহিমের বিরুদ্ধে এই অভিযোগ করা হয়েছে।” ঈদের দিন বিকালে হামলার পরই লিমন ও তার মাকে রাজাপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। একই সময়ে হাসপাতালে ভর্তি হন ইব্রাহিমও। তিনি লিমনের বিরুদ্ধে র‌্যাবের দায়ের করা মামলায় ১৭ নম্বর সাক্ষী। এদিকে লিমনের ওপর হামলার কিছুক্ষণ পর ইব্রাহিমের শ্যালক ফোরকানের (৩৫) লাশ উদ্ধার করা হয়। লিমনের ভাই ও তার আত্মীয়-স্বজনদের হামলায় ফোরকান মারা গেছেন দাবি করে মঙ্গলবার সকালে থানায় অভিযোগ করেন ইব্রাহিমের স্ত্রী লিলি বেগম। তবে পুলিশ সেটিকে অপমৃত্যু মামলা হিসেবে গ্রহণ করেছে বলে জানান রাজাপুর থানার ওসি। থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হালিম তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ফোরকানের ময়নাতদন্ত হয়েছে। প্রতিবেদন এলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।” লিমনের মা হেনোয়ারা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঈদের দিন বিকালে গ্রামের বাড়ি থেকে কাউখালী ফেরার সময় পথে তাকে এবং লিমনকে মারধর করে ইব্রাহিম। ওই সময় সেখানে ফোরকান ছিলই না। নতুন করে তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে বলেও অভিযোগ করেন হেনোয়ারা। হাসপাতালে চিকিৎসাধীন ইব্রাহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঈদের দিন বিকেলে লিমন ও তার মায়ের ওপর তিনি হামলা করেননি। বরং লিমনের ভাই ও আত্মীয়রাই তার ওপর হামলা করে। “আমার ওপর হামলার খবর শুনে ফোরকান এগিয়ে এলে লিমনের লোকজন তার ওপর ঝাঁপিয়ে পড়ে। এতে আঘাত পেয়ে ফোরকান মারা গেছে”, দাবি করেন ইব্রাহিম । অবশ্য ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিদুল ইসলাম সোমবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোরকে বলেন, ফোরকানের লাশ পাওয়া গেছে ঘটনাস্থল থেকে পৌনে এক কিলোমিটার দূরে। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন ছিল না। রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আবুল খায়ের রাসেল জানান, হেনোয়ারা বেগম ও ইব্রাহিম হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের কারো অবস্থাই গুরুতর নয়। লিমনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঈদের রাতেই ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান এই চিকিৎসক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/২০২৫ ঘ.