২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ নকল: গ্রেপ্তার ২

কপিরাইট আইন লঙ্ঘন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী বইটি প্রকাশ ও বিক্রির অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2012, 08:41 AM

Updated : 24 Aug 2022, 11:50 AM

ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কপিরাইট আইন লঙ্ঘন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী বইটি প্রকাশ ও বিক্রির অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ভোররাতে রাজধানীর নীলক্ষেত ইসলামিয়া মার্কেটের আকন বই বিতান নামের একটি দোকান থেকে মো. সুলতান ও মো. জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা ওই দোকানের কর্মচারী জানিয়ে নিউমার্কেট থানার ওসি মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কপিরাইট আইন লঙ্ঘন করে বইটি প্রকাশ ও বিক্রির অভিযোগে এর প্রকাশক ইউনিভার্সিটি প্রেস লিমিটেড-ইউপিএলের কর্ণধার মহিউদ্দিন আহমেদ সোমবার রাতে থানায় একটি মামলা করেন। “মামলার পর ভোররাতে ওই দোকানে গিয়ে এই দুজনকে গ্রেপ্তার করা হয়।” মহিউদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনি আকন বই বিতানে গিয়ে বইটির বাংলা সংস্করণের নকল কপি দেখতে পান। পরে বন্ধু ও পরিচিতজনদের কাছে জানতে পারেন, অনেকেই বইটির নকল সংস্করণ বিভিন্ন দোকানে দেখেছেন। প্রকাশক মহিউদ্দিন বলেন, “এমন একটি বই নকল হতে দেখে আমি সত্যিই চিন্তিত।” এ বিষয়ে সরকারের হস্তক্ষেপ কামনা করেন তিনি। ১৯৬৭ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত কারাগারে বন্দি অবস্থায় চারটি খাতায় ১৯৫৫ সাল পর্যন্ত আত্মজীবনী লিখে যান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেই ডায়েরিই ‘অসমাপ্ত আত্মজীবনী’ হিসাবে প্রকাশ করে ইউপিএল। গত ১৯ জুন গণভবনে বঙ্গবন্ধুর দুই মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা আনুষ্ঠানিকভাবে বইটি অবমুক্ত করেন। বইতে কারাগার ও এর বাইরের জীবন, বাবা-মা, স্ত্রী, সন্তান ও পরিবার-পরিজনের কথা বলেছেন বঙ্গবন্ধু। বাংলাদেশের বাইরে ভারতে পেঙ্গুইন বুকস ও পাকিস্তানে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস থেকে বইটি প্রকাশিত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএইচ/আরএ/১৪৩২ ঘ.