২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কনস্টেবল খোকন হত্যা মামলায় যুবক হেফাজতে

বরিশালের পুলিশ কনস্টেবল খোকন চন্দ্র রায় হত্যা মামলায় এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের হেফাজতে নিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2012, 04:28 PM

Updated : 24 Aug 2022, 11:47 AM

ঝালকাঠী, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের পুলিশ কনস্টেবল খোকন চন্দ্র রায় হত্যা মামলায় এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের হেফাজতে নিয়েছে পুলিশ। শনিবার রাতে বরিশাল শহরের আলেকান্দা এলাকা থেকে তমাল ওরফে নিখিলেশকে (২৫) আটক করে পুলিশ। রোববার ঝালকাঠী জেষ্ঠ্য বিচারিক হাকিম এ. কে. এম. শামসুল আলমের আদালত তমালের পাঁচ দিনের হেফাজত (রিমান্ড) মঞ্জুর করে বলে জানায় পুলিশ। তমাল পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী গ্রামের নির্মল মাস্টারের ছেলে। গত ১১ জুলাই বরিশাল শহরের বটতলার ভাড়া বাসা থেকে পুলিশ লাইনে যাওয়ার পথে নিখোঁজ হন কনস্টেবল খোকন। তিনি বরিশাল আদালতে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার সকালে ঝালকাঠীর নলছিটি উপজেলার রায়াপুর এলাকায় সুগন্ধা নদীর চর থেকে তার লাশ উদ্ধার করা হয়। ওইদিনই নিহতের স্ত্রী ঝর্ণা রায় বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। নলছিটি থানার ওসি মাসুদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশ তমালকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিন হেফাজতের আবেদন করলে আদালত পাঁচদিন মঞ্জুর করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২২২৬ ঘ.