চট্টগ্রাম, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হত্যামামলায় তিনজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।
রোববার পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রশান্ত কুমার বিশ্বাস এ দণ্ডাদেশ দেন।
সাজাপ্রাপ্তরা হলেন- মোহাম্মদ ইউনূস ওরফে বাইট্টা ইউনূস, মোহাম্মদ ফারুক ওরফে হারুণ ও দেলোয়ার হোসনে দেলা। ফটিকছড়ি উপজেলার পূর্ব ভুজপুর এলাকার মীরের খীল গ্রামের মাহবুব আলমকে হত্যার দায়ে তাদের যাবজ্জীবন কারাদণ্ড হল।
আদালত কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ১ হাজার টাকা করে জরিমানা করেছেন। অর্থ দিতে ব্যর্থ হলে তাদের আরো একমাস কারাভোগ করতে হবে।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার বাকি ১১ আসামিকে আদালত বেকসুর খালাস দিয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী সহকারী জেলা পিপি লোকমান হোসেন চৌধুরী।
২০০১ সালের ১১ নভেম্বর রাতে মীরের খীল গ্রামে মাহবুব আলমের জমির পাকা ধান কেটে নেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় ওই দিন আসামিদের সঙ্গে তার কথা কাটাকাটি হয়।
মামলার এজাহার থেকে জানা যায়, এর জের ধরে পরদিন ১২ নভেম্বর রাতে মাহবুবকে ঘর থেকে বের করে বাড়ির উঠোনের সামনে গুলি চালিয়ে হত্যা করা হয়।
এ ঘটনায় নিহতের ভগ্নিপতি শামসুল হক বাদি হয়ে ফটিকছড়ি থানায় ১৪ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। ২০০৩ সালের ১১ মার্চ এ মামলার অভিযোগপত্র জমা দেয় পুলিশ। ২০০৮ সালের ১৩ অগাস্ট ১৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এমআই/২১৩০ ঘ.
bdnews24