২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপহৃত যুবলীগ নেতা উদ্ধার, আ. লীগ নেতা গ্রেপ্তার

অপহরণের তিনঘণ্টা পর মুক্তি পেয়েছেন খুলনার দাকোপ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মিহির মণ্ডল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2012, 02:35 PM

Updated : 24 Aug 2022, 11:47 AM

খুলনা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপহরণের তিনঘণ্টা পর মুক্তি পেয়েছেন খুলনার দাকোপ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মিহির মণ্ডল। রোববারের এ ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর কাদের এবং মিন্টু নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। খুলনা সদর থানার ওসি মো. শাহাবুদ্দিন আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা ২টার দিকে মিহির আদালতে হাজিরা দিয়ে আওয়ামী লীগ কার্যালয়ের দিকে আসছিলেন। নগরীর ইউনাইটেড ক্লাবের সামনে পৌঁছালে ৫/৬ জন যুবক অস্ত্রের ভয় দেখিয়ে তাকে তুলে নিয়ে যায়। তারা প্রথমে তাকে কালিবাড়ি এলাকায় অব্যবহৃত বলাকা হোটেলে আটকে রেখে মারধর করে। পরে সেখান থেকে সোনাডাঙ্গা আবাসিক এলাকার একটি বাড়িতে নিয়ে আটকে রাখে। পুলিশ কর্মকর্তা আরো বলেন, এদিকে অপহরণের ঘটনা জানার পর আইনশৃঙ্খলা বাহিনী অভিযান শুরু করলে তারা মোবাইল ফোন, টাকা-পয়সা এবং তিনশ’ টাকার নন জুডিশিয়াল ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে মিহিরকে ছেড়ে দেয়। এদিকে অভিযান চলাকালে জেলা যুবলীগ সভাপতি কামরুজ্জামান জামালসহ পুলিশ নগরীর কালিবাড়ি রোড এলাকায় ব্ল্যাকার সামসুর অফিসে যায়। সেখানে মিহিরকে না পেলেও ঘটনায় জড়িত অভিযোগে কাদের ও মিন্টুকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মিহির মণ্ডল বাদী হয়ে খুলনা সদর থানায় একটি মামলা দায়ের করেছেন বলেও তিনি জানান। যুবলীগ নেতা ও কৈলাশগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিহির মণ্ডল বলেন, ব্ল্যাকার সামসু তার পূর্ব পরিচিত। তারা একটি ঠিকাদারি কাজের অংশীদার ছিলেন। হত্যার উদ্দেশ্যে সামসুর নেতৃত্বে ৫/৬ জন অস্ত্রধারী তাকে অপহরণ করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৩৩ ঘ.