২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘জামাইবাবু’ রাষ্ট্রপতি, তাই উদ্বেল নড়াইল

প্রণবের স্ত্রী শুভ্রার জন্ম নড়াইলের ভদ্রবিলা গ্রামে। অন্য সবাই ভারতে পাড়ি জমালেও তার এক দাদা এখনো রয়েছেন ওই গ্রামে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2012, 12:47 PM

Updated : 24 Aug 2022, 11:47 AM

মাহবুব রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক নড়াইল, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রণব মুখোপাধ্যায় ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তার স্ত্রীর আদিবাড়ি নড়াইলে বেরিয়েছে আনন্দ মিছিল। সেই সঙ্গে চলছে মিষ্টি বিতরণ, প্রণবের সুস্থতা কামনায় মন্দিরে মন্দিরে পূজা-অর্চনা। পশ্চিমবঙ্গের সন্তান, কংগ্রেসের নেতা প্রণব মুখোপাধ্যায় রোববারই ভারতের ত্রয়োদশ রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। এই পদে তিনিই প্রথম বাঙালি। প্রণব মুখোপাধ্যায়ের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার খবর পাওয়ার পরপরই শুভ্রা মুখোপাধ্যায়ের আদিবাড়ি সদর উপজেলার ভদ্রবিলা গ্রামে আনন্দ উৎসব শুরু হয়। দুপুরে ওই গ্রামে বের হয় আনন্দ শোভাযাত্রা, তা প্রণবের শ্বশুর অমরেন্দ্র ঘোষের বাড়ি থেকে শুরু হয়ে সারা গ্রাম ঘুরে ভদ্রবিলা বাজারে গিয়ে শেষ হয়। তারপর সেখানে চলে মিষ্টিমুখ। প্রণবের স্ত্রী শুভ্রা এই ভদ্রবিলা গ্রামেই জন্মগ্রহণ করেন। তার জীবনের একটি অংশও কেটেছে এই গ্রামে। বাল্যের শুভ্রা ঘোষ এখন শুভ্রা মুখোপাধ্যায় নামেই পরিচিত। অমরেন্দ্র ঘোষের চার ছেলে ও চার মেয়ের মধ্যে শুধু কানাইলাল ঘোষ বর্তমানে ভদ্রবিলা গ্রামে বাস করছেন। অন্যরা সবাই আগেই ভারতে চলে যান। প্রণবের বিজয়ে আনন্দিত কানাইলাল সাংবাদিকদের বলেন, “দাদা ভারতের রাষ্ট্রপতি হওয়ায় খুব আনন্দ লাগছে। “আশা করছি, আগামীতে দিদি-দাদাবাবু নড়াইলে আসবেন।” কানাইলাল জানান, সর্বশেষ ১৯৯৫ সালে নিজের বাড়িতে এসেছিলেন শুভ্রা। তার সঙ্গে একমাত্র মেয়ে শর্মিষ্ঠাও ছিলেন। ১৯৫৭ সালের ১৩ জুলাই শুভ্রা ঘোষের সঙ্গে বিয়ে হয় পশ্চিমবঙ্গের বীরভূমের সন্তান প্রণব মুখোপাধ্যয়ের। এই দম্পতির দুই ছেলে অভিজিৎ ও সুরজিৎ মুখোপাধ্যায়। আর তাদের একমাত্র মেয়ে শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। প্রণবের এই বিজয়ে আনন্দ প্রকাশ করে ভদ্রবিলা ইউনিয়নের চেয়ারম্যান লিয়াকত হোসেন সিকদার বলেন, “আমাদের এলাকার জামাইবাবু এখন ভারতের রাষ্ট্রপতি- ভাবতেই ভালো লাগছে। আশা করছি, এখন থেকে দুই দেশের সম্পর্ক আরো উন্নত হবে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/১৮৪০ ঘ.