বরগুনা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরগুনায় র্যাব সদস্যদের আটকে ছিনতাই চেষ্টার অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ছিনতাই কাজে ব্যবহৃত মোটরসাইকেলটিও আটক করা হয়।
মঙ্গলবার সন্ধ্যায় সোনাখালীর শিবের খাল এলাকায় র্যাবের দুই সদস্যকে আটকে ছিনতাইয়ের চেষ্টাকালে ওই ৩ জনকে আটক করে থানায় সোপর্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- বরগুনা পৌর শহরস্থ বালিকা বিদ্যালয় সড়কের গোবিন্দ তালুকদারের ছেলে অভি তালুকদার, বড়ইতলা সড়কের স্বপন মৃধার ছেলে রবিউল ও জলিল হাওলাদারের ছেলে রাজু।
অভি ছাত্রলীগের ক্যাডার বলে অভিযোগ পাওয়া গেলেও জেলা ছাত্রলীগের সভাপতি রাসেল ফরাজী বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকমকে জানান, অভি ছাত্রলীগের কোনো কমিটিতে নেই।
বুধবার সকালে র্যাবের ডিএডি গোলাম নবী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার সন্ধ্যায় তিনি তার সহকর্মী মোকলেসকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে বরগুনা আসছিলেন।
পথিমধ্যে সোনাখালীর শিবের খাল এলাকায় তাদের আটকে অভির নেতৃত্বে টাকাসহ মোবাইল ফোন ছিনতাইয়ের চেষ্টা চালানো হয়।
এসময় এলাকাবাসীর সহযোগিতায় ওই তিন জনকে আটক করে থানায় খবর দেওয়া হয়।
বরগুনা থানার উপ-পরিদর্শক বশির আলম জানান, গ্রেপ্তারকৃতদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করে অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছেন।
বরগুনা থানার ওসি জাকির হোসেন ফকির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, র্যাবের ডিএডি গোলাম নবী বাদী হয়ে থানায় মামলা করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এইচএ/১৯৫১ ঘ.
bdnews24