২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন কর্মকর্তার বাসায় গৃহকর্মী ‘নির্যাতন’

কুষ্টিয়া শহরে এক বন কর্মকর্তার বাসায় গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2012, 05:58 PM

Updated : 24 Aug 2022, 11:32 AM

কুষ্টিয়া, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়া শহরে এক বন কর্মকর্তার বাসায় গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। আফরোজা (১৫) নামের ওই গৃহকর্মীকে মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অফরোজা সাংবাদিকদের জানান, রাঙ্গামাটি জেলার মাইনিমু বাজার এলাকার রতন আলীর মেয়ে আফরোজা খাতুনকে চার বছর আগে গৃহকর্মীর কাজে নেন বন কর্মকর্তা হোসাইন মো. নিশাদ। যেকোনো ছুতোয় বন কর্মকর্তার স্ত্রী মুনমুন প্রতিদিন তার উপর নির্যাতন চালিয়ে আসছেন। তাকে ঠিকমত খেতেও দিতেন না গৃহকর্ত্রী। ঝাঁটা, লাঠি, খুনতি হাতের কাছে যা পান সবকিছু দিয়ে তিনি তাকে পেটাতেন। ঘরে আটকে মুখে বেঁধে গৃহকর্ত্রী তাকে মারধর করতেন বলে আফরোজা জানান। আফরোজা বলেন, মঙ্গলবার সকালে বন কর্মকর্তার মেয়ে একটি ফুলদানি ভাঙলে গৃহকর্ত্রী তাকে বেদম প্রহার করেন। মারধর সহ্য করতে না পেরে ঘর থেকে বের হয়ে অজ্ঞান হয়ে পড়ে যান। পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশ তাকে হাসপাতালে নিয়ে যায়। কুষ্টিয়া মডেল থানার ওসি কাজী জালাল উদ্দিন বলেন, গৃহকর্মী আফরোজাকে শারীরিক নির্যাতন করা হয়েছে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেলারেল হাসপাতালে ভর্তি করে। এখনো কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে, বলেন তিনি। এ ব্যাপারে বন কর্মকর্তা নিশাদ এবং তার স্ত্রী মুনমুন বেগম কথা বলতে রাজি হননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৫৩ ঘ.